ফেরত গেল গরিবের কোটি টাকা
পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা উপজেলায় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া এক কোটি আট লাখ ৬১ হাজার ৮০০ টাকা ফেরত যাচ্ছে। এর মধ্যে কলাপাড়া থেকে ৭৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা এবং গলাচিপা উপজেলা থেকে ৩০ লাখ ১০ হাজার ৫০০ টাকা ফেরত যাচ্ছে। এতে এ দুই উপজেলার গরিব লোকজন এ কর্মসূচির সুফল থেকে বঞ্চিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু ও শেষ করতে না পারায় ৪০ দিনের এ কর্মসূচির টাকা ফেরত যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, কলাপাড়া ও গলাচিপা উপজেলায় কর্মসংস্থান কর্মসূচির এ কার্যক্রম গত বছরের ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু ওই সময়ে উপকূলীয় জেলাগুলোয় প্লাবন ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শুরু করা যায়নি। পরে কাজ শুরুর তারিখ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এর আওতায় রাস্তাঘাটসহ নানা উন্নয়নমূলক কাজ করার জন্য ৬৭টি প্রকল্প গ্রহণ করা হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এসব প্রকল্পের কাজ আবশ্যিকভাবে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়।কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৮টি প্রকল্পের বিপরীতে এক কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নয়টি ইউনিয়নে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এখানে উপকারভোগী শ্রমিক ছিল দুই হাজার ৮০১ জন।পিআইও শফিকুর রহমান জানান, তাঁরা এই কর্মসূচির আওতায় ১৮টি প্রকল্প গ্রহণ করলেও ১৬টি প্রকল্পের আংশিক কাজ করতে পেরেছেন। বাকি দুটি প্রকল্পের কাজ তাঁরা যথাসময় শুরু করতে পারেননি। ১৬টি প্রকল্পের আংশিক কাজ করতে গিয়ে ৮৯ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। বাকি ৭৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা ফেরত গেছে।শফিকুর রহমান বলেন, ‘খেতে আমন ফসল থাকায় মাটির সংকট দেখা দেয়। এ কারণে ৪০ দিনের কাজের মধ্যে মাত্র ২১ দিন করতে পেরেছি। বাকি ১৯ দিন কোনো কাজ করা যায়নি।’গলাচিপা উপজেলার পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৪৯টি প্রকল্পের বিপরীতে দুই কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এখানে উপকারভোগী শ্রমিক চার হাজার ৭৭৫ জন।পিআইও মো. মুজাহিদুল ইসলাম জানান, গলাচিপার ১৭টি ইউনিয়নে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে চর মোন্তাজ, রাঙ্গাবালী, ছোটবাইশদিয়া, বড়বাইশদিয়া ও চালিতাবুনিয়া ইউনিয়নের কাজ যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। এতে এসব ইউনিয়নের ১৫টি প্রকল্পের কাজ অর্ধেকের বেশি করা যায়নি। তবে বাকি ১২টি ইউনিয়নের ৩৪টি প্রকল্পের কাজ তাঁরা অধিকাংশই শেষ করেছেন। এতে তাঁদের দুই কোটি ৫৫ লাখ ১৯ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে। বাকি ৩০ লাখ ১০ হাজার ৫০০ টাকা ফেরত গেছে।পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, প্রকল্প গ্রহণে বিলম্ব ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় অবশিষ্ট টাকা ফেরত যাচ্ছে।