ফেরত গেল গরিবের ১৩ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ টাকা ফেরত গেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারায় এবং শ্রমিকেরা নিয়মিত কাজে যোগ না দেওয়ায় এ টাকা ফেরত গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ১২টি ইউনিয়নে ৩৬টি প্রকল্পের বিপরীতে এক কোটি ৮৪ লাখ ২০ হাজার ৩৩৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলার ১২টি ইউনিয়নে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এখানে উপকারভোগী শ্রমিক ছিল দুই হাজার ৭০৩ জন। জানা গেছে, শ্রমিকদের মজুরি বাবদ বরাদ্দ থেকে উপজেলার ময়দানহাটা ইউনিয়ন থেকে ফেরত গেছে ১৫ হাজার ৯০০ টাকা। এ ছাড়া কিচক ইউনিয়ন থেকে ২৯ হাজার ৫৫০ টাকা, আটমূল ইউনিয়ন থেকে নয় হাজার ৩০০ টাকা, পিরব ইউনিয়ন থেকে আট হাজার ২৫০ টাকা, মাঝিহট্ট ইউনিয়ন থেকে পাঁচ হাজার ৪০০ টাকা, বুড়িগঞ্জ ইউনিয়ন থেকে ৩২ হাজার ৫৫০ টাকা, বিহার ইউনিয়ন থেকে ২০ হাজার ২৫০ টাকা, শিবগঞ্জ ইউনিয়ন থেকে ৪২ হাজার ৬০০ টাকা, দেউলী ইউনিয়ন থেকে ১৫ হাজার ৩০০ টাকা, সৈয়দপুর ইউনিয়ন থেকে এক লাখ ১৬ হাজার ৫৫০ টাকা, মোকামতলা ইউনিয়ন থেকে ৩১ হাজার ৯৫০ টাকা ও রায়নগর ইউনিয়ন থেকে তিন হাজার ৬০০ টাকা ফেরত গেছে।এ ছাড়া কর্মসূচি পালনে মজুরির বাইরে থাকা বরাদ্দ থেকে ছয়টি ইউনিয়নে কোনো কাজ না হওয়ায় নয় লাখ ৫৭ হাজার ৪৫০ টাকা ফেরত যায়। এর মধ্যে কিচক ইউনিয়ন থেকে এক লাখ ৫৭ হাজার ৩৭৫ টাকা, আটমূল ইউনিয়ন থেকে এক লাখ ৭২ হাজার ৭০০ টাকা, পিরব ইউনিয়ন থেকে এক লাখ ৩৪ হাজার টাকা, মাঝিহট্ট ইউনিয়ন থেকে এক লাখ ৪১ হাজার ৩৭৫ টাকা, শিবগঞ্জ ইউনিয়ন থেকে দুই লাখ টাকা এবং মোকামতলা ইউনিয়ন থেকে এক লাখ ৫২ হাজার টাকা ফেরত যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কর্মসংস্থান কর্মসূচিতে শ্রমিকেরা বিভিন্ন কার্যদিবসে অনুপস্থিত থাকায় ও মজুরির বাইরের বেশ কয়েকটি প্রকল্পে কাজ না হওয়ায় এসব টাকা ফেরত দেওয়া হচ্ছে।