ফেরত গেল গরিবের ৭৩ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর, গলাচিপা, বাউফল ও দশমিনা উপজেলার ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান’ প্রকল্পের ৪০ দিনের কর্মসূচির বরাদ্দের প্রায় ৭৩ লাখ টাকা ফেরত গেছে। সময়মতো প্রকল্প গ্রহণ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু ও শেষ করতে না পারায় সদর উপজেলা থেকে প্রায় পৌনে ৫২ লাখ টাকা, গলাচিপা থেকে প্রায় সাড়ে ১৬ লাখ, বাউফল থেকে প্রায় সাড়ে চার লাখ ও দশমিনা থেকে ২৯ হাজার টাকা ফেরত গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে ৪০ দিনের কর্মসূচির প্রথম দফায় জেলায় বরাদ্দ দেওয়া হয় প্রায় ১২ কোটি টাকা। এর মধ্যে সদর উপজেলায় প্রায় আড়াই কোটি টাকা, গলাচিপায় প্রায় সাড়ে তিন কোটি, কলাপাড়ায় প্রায় দুই কোটি, মির্জাগঞ্জে প্রায় ৩৮ লাখ, বাউফলে প্রায় দুই কোটি, দশমিনায় প্রায় এক কোটি ১৯ লাখ এবং দুমকি উপজেলায় ২৬ লাখ ছয় হাজার টাকা দেওয়া হয়। কর্মসূচির প্রথম পর্যায়ে কাজ আরম্ভ করতে কিছুটা অসুবিধার সৃষ্টি হওয়ায় কাজ শেষ করার সময় বাড়িয়ে ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান বলেন, এ উপজেলার ১৪টি ইউনিয়নে উপকারভোগী শ্রমিক দুই হাজার ৮১১ জন। হঠাৎ বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছিল। তবে বগা ইউনিয়নে শ্রমিকদের অনুপস্থিতির কারণে ওই একটি ইউনিয়নে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই কিছু টাকা ফেরত গেছে।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এ উপজেলায় শ্রমিক তিন হাজার ৬৯৯ জন। সময়মতো প্রকল্প গ্রহণ না করায় কাজ শুরু করতে বিলম্ব হয়। এ কারণে টাকা ফেরত গেছে।পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প গ্রহণে বিলম্ব ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় অবশিষ্ট টাকা ফেরত যাচ্ছে।’