ফেরত গেল বিদ্যালয় উন্নয়ন কাজের ছয় লক্ষাধিক টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য সাত লাখ ২০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেলেও এর মধ্যে ২২টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজের টাকা ফেরত গেছে।মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইদুর রহমান চৌধুরী বলেন, দুই বছর ধরে এ বিদ্যালয়ের নলকূপটি অকেজো থাকায় কোমলমতি শিশুরা খাওয়ার পানির দুর্ভোগ পোহাচ্ছিল। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তারা এ চাহিদা মেটাত। তাই নিরুপায় হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের এ কষ্ট লাঘব করার উদ্দেশ্যে বাধ্য হয়ে এ টাকা উত্তোলন করে কোনো রকমে একটি নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার তালুকদার বলেন, ‘আমি ২০০৭ সালের নভেম্বর মাস থেকে অত্র বিদ্যালয়ে আছি। এখানে যোগদানের কয়েক বছর আগে থেকেই বিদ্যালয়ের নলকূপটি ব্যবহারের অনুপযোগী রয়েছে। তাই এ বরাদ্দকৃত অর্থ ও স্থানীয় এলাকার লোকজনের আর্থিক সহায়তায় নলকূপ স্থাপনের কাজ এখনো চলছে।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ দেওয়া অর্থ কম হওয়ায় এবং ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিরা জানিয়েছেন, স্বল্প টাকা দিয়ে নলকূপ স্থাপন ও টয়লেট মেরামতের কাজ করতে পারবেন না। তাই টাকা উত্তোলন করতে অপারগতা প্রকাশ করায় ২২টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজের ছয় লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। সিলেট বিভাগীয় কার্যালয়ের ইউনিসেফের প্রোগ্রাম অফিসার জ্যাকব কুমার সরকার বলেন, ‘টাকা ফেরত যাওয়ার বিষয়টি আমি অবহিত রয়েছি।’ তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, হাওর এলাকায় আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করতে ন্যূনতম ৫০ হাজার টাকা খরচ হয়ে যায়। তাই এ টাকা ফেরত গেছে। নলকূপ স্থাপন ও টয়লেট মেরামতের জন্য চাহিদা মোতাবেক অর্থ বরাদ্দ প্রদানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।