সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া এক লাখ ২৯ হাজার ১৩৩ টাকা ফেরত গেছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যদের মধ্যে চলমান বিরোধের কারণে ওই টাকা ফেরত গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় ও ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে স্কুল স্যানিটেশন অ্যান্ড হাইজিন এডুকেশনের দ্বিতীয় পর্যায়ে জিওবি ইউনিসেফ প্রকল্পের আওতায় ওই বিদ্যালয়ে নলকূপ স্থাপনের জন্য ৫৯ হাজার ৪৭০ টাকা এবং টয়লেট নির্মাণের জন্য ৬৯ হাজার ৬৬৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু গত ২৪ জানুয়ারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হুদার বিরুদ্ধে উন্নয়নকাজের জন্য উপজেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া টিআরের (টেস্ট রিলিফ) পাঁচ টন গম আত্মসা ৎ সহ নানা অনিয়মের অভিযোগ এনে কমিটির ১০ জন সদস্য অনাস্থা জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। এর সাত মাস পেরিয়ে গেলেও এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সভাপতি ও সদস্যদের মধ্যকার বিরোধের মীমাংসা না হওয়ায় বিদ্যালয় উন্নয়নকাজের জন্য বরাদ্দ পাওয়া ওই প্রকল্পের টাকা উত্তোলন করা হয়নি। ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম রতন বলেন, সভাপতির বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় সমস্যাটি ঝুলে রয়েছে। ফলে বিদ্যালয়টি উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, সভাপতিকে বাদ দিয়ে কোনো প্রকল্পের টাকা উত্তোলন করার নিয়ম নেই। তাই তাঁরা ওই প্রকল্পের টাকা উত্তোলন করতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, প্রকল্পের টাকা ফেরত যাওয়ার বিষয়টি তিনি জানেন না।উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, উন্নয়ন বাবদ বরাদ্দ করা টাকা বিদ্যালয় কর্তৃপক্ষ উত্তোলন না করায় সরকারি নির্দেশনা অনুযায়ী তা ফেরত দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের উন্নয়নকাজের টাকা ফেরত গেছে—বিষয়টি তাঁকে কেউ জানায়নি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিদ্যালয়ের বর্তমান কমিটি ভেঙে দিয়ে শিগগিরই অ্যাডহক কমিটি গঠনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন।