মন্ত্রিসভা আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য ‘সরকারি কর্মচারী আইন, ২০১৬’-এর খসড়া ফেরত পাঠিয়েছে। অভিযোগপত্র হওয়ার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অনুমতি নেওয়ার বিধান রেখে আইন করার প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে তোলা হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার এই বৈঠক তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘সরকারি কর্মচারী আইনে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেয়নি। সিদ্ধান্ত হয়েছে, আরও পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় পেশ করা হবে।’ তিনি বলেন, ১৬ ধারার ছোট এই আইনটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানোর পর এটি ৭১ ধারার বিশাল আইন হয়েছে। তাই এটি আরও পর্যালোচনার প্রয়োজন আছে। এর আগে গত বছরের ১৩ জুলাই এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আইনটি আবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। গতকাল কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মরক্কোয় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
ছুটির তালিকা অনুমোদন: ২০১৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ছুটি থাকছে ২২ দিন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। এই ২২ দিনের সরকারি ছুটি অনুমোদন হলেও ১০ দিন সাপ্তাহিক ছুটি পড়ছে। এর মধ্যে সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে শুক্র ও শনিবার পড়েছে ৬ দিন। আর নির্বাহী আদেশের ৮ দিন ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে ৪ দিন।