ফেরত গেল সোয়া চার লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) সোয়া চার লাখ টাকা ফেরত গেল। প্রকল্পের কাজে অনিয়ম ও সময়মতো কাজ শেষ করতে না পারায় ওই অর্থ ফেরত গেছে বলে জানা গেছে।উপজেলার পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জে অতিদরিদ্রদের পুনর্বাসনের জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত ১০ মার্চ ৪৯ লাখ দুই হাজার টাকা বরাদ্দ দেয়। এ কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৮১৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। প্রত্যেক শ্রমিক দৈনিক ১৫০ টাকা করে মজুরি পাবেন এবং প্রত্যেকে টানা ৪০ দিন কাজ করতে হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে নেওয়া প্রকল্পে অনিয়ম হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মো. গাউছুল আজম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম এসব প্রকল্প পরিদর্শনে গিয়ে অনিয়মের সত্যতা পান।উপজেলার পিআইও কার্যালয়ের অফিস সহকারী রাধাশ্যাম পাল জানান, উপজেলার গন্ধর্বপুর (দ.), বাকিলা ও কালচোঁ (দ.) ইউনিয়ন থেকে চার লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ‘স্থানীয়ভাবে এসব প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ পেয়ে ইউএনও স্যার ও আমি সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শনে গিয়ে অনিয়ম পেয়েছি। এ কারণে এসব প্রকল্পের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’প্রকল্পের বাকিলা ইউনিয়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে বলেন, ‘আমার দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নে দুটি প্রকল্প নেওয়া হয়েছে। আমি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় শেষ দিকে এসে প্রকল্পগুলো যথাযথভাবে তদারক করতে পারিনি। এ কারণে পিআইও প্রকল্পগুলো পরিদর্শন করে অনিয়ম পেয়েছেন বলে জেনেছি।’হাজীগঞ্জ ইউএনও বলেন, যেসব প্রকল্পের টাকা ফেরত দেওয়া হয়েছে, বাস্তবিক এসব প্রকল্পে কোনো কাজ হয়নি।