পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া টাকা ফেরতের দাবিতে গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাঙ্গামাটি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী।
রাঙ্গামাটি গ্রামের একাধিক বাসিন্দা জানান, তিন-চার বছর আগে গ্রামের আবদুল করিম, তোফাজ্জল হোসেন, মো. কালাম, আবদুল কাদের ও আবদুল হালিম ওই গ্রামের ৬৪ জনের কাছে বিদ্যুৎ দেওয়ার কথা বলে প্রায় সাত লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ দিনেও তাঁরা বিদ্যুৎ বা মিটার সংযোগ দিতে পারেননি। পাঁচ-ছয় মাস আগে গ্রামবাসী চাপ সৃষ্টি করলে তাঁরা গ্রামের ২৯ জনকে মিটার সংযোগ দেন। এরপর আর কাউকে সংযোগ না দিয়ে টালবাহানা শুরু করেন।
টাকা ফেরত দেওয়ার দাবিতে গ্রামবাসী বৃহস্পতিবার সকালে বিনোদনকেন্দ্র রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্টের পাশের সড়কে মানববন্ধন করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন এক পোশাকশ্রমিকের স্ত্রী লুনা আক্তার।
লুনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘নিজের গয়না বিক্রি করে বিদ্যুতের মিটারের জন্য সাড়ে ১০ হাজার টাকা দিয়েছি। এখন মিটারও দিচ্ছে না টাকাও ফেরত দিচ্ছে না।’
এ ব্যাপারে জানতে চাইলে আবদুল করিম ও তোফাজ্জল হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, গ্রামে একটি বৈঠকে দেড় লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে ২৮ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
পল্লীবিদ্যুতের চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোকলেছুর রহমান বলেন, মিটার সংযোগের জন্য দালাল চক্রের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি কার্যালয়ে এলে গ্রামবাসীর এই সমস্যা হতো না।