ফেরত পাঠানোর পর ফের ভিড়েছে রোহিঙ্গা ট্রলার
মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো একটি ট্রলার বুধবার গভীর রাতে টেকনাফ উপকূলের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ভিড়েছে। ওই ট্রলারে নারী, শিশুসহ ৪৭ জন রোহিঙ্গা ছিল। স্থানীয় মানুষের সহযোগিতায় ট্রলারটি ঘোলারচরে ভিড়েছে বলে অভিযোগ উঠেছে।তীরে উঠে আসার পর ওই রোহিঙ্গাদের অনেককেই স্থানীয় লোকজন আশ্রয় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবৈধভাবে ঢুকে পড়া এ রকম ১৬ জন রোহিঙ্গাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা আটক করেছেন।এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে ঘোলারচর থেকে সাতজন এবং রাত নয়টায় মাঝেরপাড়া গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে নয়জনকে আটক করা হয়। সকালে আটক সাতজন রোহিঙ্গাকে গতকাল রাতে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।আটক হওয়া রোহিঙ্গা ও বিজিবি কর্মকর্তাদের ভাষ্যমতে, বুধবার বিকেল ও সন্ধ্যায় শাহপরীর দ্বীপের জেটিঘাট ও দক্ষিণপাড়া থেকে দুটি ট্রলারে একদল রোহিঙ্গাকে মিয়ানমারের উদ্দেশে ফেরত পাঠানো হয়। কিন্তু দক্ষিণপাড়া থেকে পাঠানো ট্রলারটি গভীর রাতে ফিরে আসে এবং স্থানীয় মানুষের সহায়তায় ঘোলারচর এলাকায় ভেড়ে। ট্রলারটিতে নারী, শিশুসহ ৪৭ জন রোহিঙ্গা ছিল।অন্যদিকে, শাহপরীর দ্বীপের জেটিঘাট থেকে বুধবার বিকেলে যে ট্রলারটি ফেরত পাঠানো হয়, সেটিও গভীর রাতে টেকনাফ উপকূলে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু নাফ নদীতে টহলরত বিজিবির হাতে ধরা পড়ে। গতকাল ভোরে ওই ট্রলারটি মিয়ানমারে ফেরত পাঠানো হয়।এদিকে অভিযোগ উঠেছে, ঘোলারচর এলাকায় নোঙর করা ট্রলারটির রোহিঙ্গারা লুটপাটের শিকার হয়েছে। স্থানীয় কিছু লোক প্রথমে তাদের তীরে উঠতে সহায়তা করে। পরে তারাই ট্রলারটিতে লুটপাট চালায়।নাম প্রকাশে অনিচ্ছুক শাহপরীর দ্বীপের কয়েকজন বাসিন্দার ভাষ্যমতে, দিনের বেলায় দক্ষিণপাড়ায় আটক থাকার সময় ওই ট্রলারে থাকা রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় কয়েক ব্যক্তি সখ্য গড়ে তোলে। তারা রোহিঙ্গাদের একটি মুঠোফোন সরবরাহ করে। গভীর রাতে রোহিঙ্গারা মুঠোফোনের মাধ্যমে স্থানীয় ওই লোকদের সঙ্গে যোগাযোগ করে। তাদের সহযোগিতার কারণেই ট্রলারটি ঘোলারচরে ভিড়তে পারে। এ সময় সাহায্যকারী হিসেবে আসা লোকজন ট্রলারে লুটপাট চালায়। এদিকে গতকাল বিজিবির সদস্যরা লুটপাটের সঙ্গে জড়িত চারজনকে ঘোলারচর এলাকা থেকে আটক করেছেন। তারা হলো: মোহাম্মদ হাশিম, আমির হোসেন, মোহাম্মদ ইসমাইল ও মো. আবদুল্লাহ। তাদের সবার বাড়ি স্থানীয় মিস্ত্রিপাড়ায়।টেকনাফ বিজিবির অপারেশন কর্মকর্তা এইচ কামরুল হাসান বলেন, ‘লুটপাটের শিকার ট্রলারটি থেকে নেমে আসা সাতজন রোহিঙ্গাকে আটক করেছি আমরা। গতকাল সন্ধ্যায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।’