ফেরত যাচ্ছে উন্নয়নের কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন ও প্রশিক্ষণের এক কোটি টাকা অবশেষে ফেরত যাচ্ছে। নির্দিষ্ট সময় ৩০ জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন না করায় এ টাকা ফেরত যাচ্ছে বলে স্থানীয় শিক্ষা বিভাগ জানিয়েছে। শিক্ষার জন্য উপবৃত্তির দেড় কোটি টাকা বিতরণ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিদ্যালয়গুলোর কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা মুখোমুখি অবস্থান নেওয়ায় উন্নয়ন ও প্রশিক্ষণের প্রকল্পটি বাস্তবায়িত হয়নি বলে জানা গেছে। একই কারণে উপবৃত্তির প্রকল্প বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরুল আমিন বলেন, শিক্ষকসহ সবাইকে যথাসময়ে কমিটি গঠন করতে বলা হলেও তা করা হয়নি। ৩০ জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল। তা না হওয়ায় এক কোটি টাকা ফেরত যাচ্ছে। এতে ফুলপুরবাসী এই উন্নয়নকাজ থেকে বঞ্চিত হলো।সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় সরকারি, নিবন্ধিত বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আছে ২৩৮টি। এর মধ্যে ৪৯টি বিদ্যালয়ে রাজস্ব খাতে মেরামত বাবদ ১০ লাখ ৭০ হাজার, ১২টি বিদ্যালয়ের বড় ধরনের মেরামত বাবদ ১৮ লাখ নয় হাজার, প্রশিক্ষণ বাবদ ১৪ লাখ ৭৮ হাজার, উন্নয়ন কাজের জন্য স্লিপ কমিটির নামে বরাদ্দ ৪৬ লাখ ৬০ হাজার টাকা ফেরত যাচ্ছে।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০০৯ সালের আগস্টে সরকারি, নিবন্ধিত বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে আগের সব কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০০৯ সালের ডিসেম্বর মাসেও বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করতে ব্যর্থ হয়। ২৪ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে ১০ ফেব্রুয়ারির মধ্যে কমিটি গঠন করে এবং ১৪ ফেব্রুয়ারির মধ্যে জরুরিভাবে ঢাকায় পাঠাতে নির্দেশ দেয়। ওই সময়ের মধ্যে (১০ ফেব্রুয়ারি) কমিটি গঠনে ব্যর্থ হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করবে বলেও হুঁশিয়ার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিটি বিদ্যালয়ের কমিটিতে নারী ও পুরুষ মিলিয়ে তিনজন করে বিদ্যোৎসাহীর নাম প্রস্তাব করার নিয়ম রয়েছে। কিন্তু ১ নম্বর বিদ্যোৎসাহীর নাম দেওয়া নিয়ে দলাদলি, বিশৃঙ্খলা ও কোনো কোনো জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমিটি গঠনের কাজে বিলম্ব হয়। মার্চ থেকে মে মাসের মথ্যে কমিটির তালিকার কাগজ শিক্ষা অফিসে জমা হতে থাকে। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বিদ্যোৎসাহী মনোনয়ন শুরু করলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ২৭টি বিদ্যালয়ের নামে অভিযোগ আছে বলে তাঁকে মৌখিকভাবে জানান। উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি আবদুল মতিন জানান, বিদ্যোৎসাহীদের নাম তিনি নিয়ম অনুযায়ী মনোনীত করেন। কিন্তু ২৭ বিদ্যালয়ের ব্যাপারে অভিযোগ ওঠে। তবে অভিযোগটা কী, কেউ তাঁকে জানাতে পারেননি। ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনের সাংসদ ও ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়াতোর রহমান খান বলেন, কমিটি গঠন এবং ওই ২৭ স্কুলের বিষয়টা দেখার জন্য দলের সাধারণ সম্পাদক শাহ কুতুব চৌধুরীকে বলা হয়েছে।শাহ কুতুব চৌধুরী বলেন, এ ব্যাপারে বারবার চেষ্টা করেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ফুলপুর উপজেলা কর্মকর্তা (ইউএনও) রোকেয়া খাতুন বলেন, এক কোটি টাকা যাতে ফেরত না যায়, এ জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় বসেও সমঝোতায় পৌঁছানো যায়নি। এখন উপবৃত্তির দেড় কোটি টাকা বিতরণেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টি খুবই দুঃখজনক।