ফেরত যাচ্ছে কর্মসৃজন প্রকল্পের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্বের কারণে ফেরত যাচ্ছে অতিদরিদ্রদের কর্মসৃজন কর্মসূচির প্রায় ৩৭ লাখ টাকা। এ দ্বন্দ্বের কারণে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির কাজও ওই ইউনিয়নে শুরু হচ্ছে না।
ইউপি চেয়ারম্যান, সদস্য ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যানের বিরুদ্ধে ছনধরা ইউনিয়নের হাটবাজার, খেয়াঘাট ইজারার ফি ও গত অর্থবছরের কর্মসৃজন কর্মসূচির টাকা আত্মসাৎ এবং নিয়মবহির্ভূতভাবে খোঁয়াড় দেওয়ার অভিযোগ ওঠে। এ ব্যাপারে গত ২০ নভেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ (পিআইও) বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের বিরোধ সৃষ্টি হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের অক্টোবর মাসে ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নয়টিতে অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হলেও ছনধরা ইউনিয়নে এখন পর্যন্ত কাজ শুরু করা যায়নি। ফলে এ ইউনিয়নের ৪৬৪ জন শ্রমিকের জন্য বরাদ্দ করা ৩৭ লাখ ১২ হাজার টাকা ফেরত যাচ্ছে। কারণ, অক্টোবরে শুরু হয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। কিন্তু এ ইউনিয়ন থেকে এখন পর্যন্ত কোনো প্রকল্প প্রস্তাবই জমা দেওয়া হয়নি।
ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘চেয়ারম্যান বিভিন্ন কাজে অনিয়ম করায় আমরা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। এতে আমাদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব দেখা দেওয়ায় ওই কাজ আটকে রয়েছে। ফলে শ্রমিকেরা তাঁদের বরাদ্দ কাজ থেকে বঞ্চিত হচ্ছেন।’ একই ধরনের কথা বলেন শফিকুল ইসলামসহ কয়েকজন সদস্য।
ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম কর্মসৃজন প্রকল্পের ৩৭ লাখ ১২ হাজার টাকার কাজ আটকে থাকার কথা স্বীকার করে বলেন, ‘শিগগিরই কাজ শুরু করব।’ সময় তো শেষ, কীভাবে শুরু করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন।
ফুলপুরের ইউএনও এ এস এম ফেরদৌস বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হচ্ছে।