ফেরত যাচ্ছে কাবিখা টিআরের গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্প জমা না দেওয়ায় সৈয়দপুর উপজেলার জন্য বরাদ্দ করা কাজের বিনিময়ে খাদ্য ও টেস্ট রিলিফের গম অবশেষে ফেরত যাচ্ছে। ফলে সাধারণ মানুষ যেমন গম পাওয়া থেকে বঞ্চিত হলো, পাশাপাশি রাস্তাঘাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ও খেলার মাঠের উন্নয়ন হলো না।সূত্র জানায়, প্রতি মৌসুমে অর্থবছর শেষ হওয়ার আগে গ্রামাঞ্চলের সড়ক, সেচ নালা, সাঁকো নির্মাণ ও পুনর্নির্মাণ, জলাশয়ের কচুরিপানা পরিষ্কার, খেলার মাঠে মাটি ভরাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেরামত করা হয়। এ জন্য বরাদ্দ দেওয়া হয় গম। উদ্দেশ্য থাকে, সাধারণ মানুষ যাতে কাজ করে গম পায়।চলতি জুন মাসের মধ্যে কাজ শেষ করার জন্য সৈয়দপুর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টেস্ট রিলিফ কর্মসূচির (টিআর) আওতায় দুই মাস আগে গম বরাদ্দ মেলে ৩২৪ মেট্রিক টন।সূত্রমতে, এবার কোনো ইউনিয়ন থেকে প্রকল্প পাওয়া যায়নি। একই সূত্র জানায়, প্রকল্প চেয়ে একাধিকবার চিঠি দিয়েও কাজ হয়নি। এর কারণ হিসেবে জানা যায়, প্রকল্প দেওয়ার ক্ষেত্রে সরকারি দলের একটি অংশ তাদের দলীয় তহবিল গঠনের উদ্দেশ্যে অর্ধেক গম দাবি করে। এ প্রস্তাবে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা রাজি না হওয়ায় কোনো প্রকল্প জমা করেননি।কামারপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ভাষ্যমতে, ‘ইউনিয়নে কাজ না হয় তাও ভালো, কিন্তু ভুয়া প্রকল্প দেখিয়ে গম মেরে জেলে যেতে চাই না।’সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার বলেন, অভিযোগ সঠিক নয়। কাজ না করে কেউ গম বা টাকা চাইবে তা হতে পারে না।আওয়ামী লীগের নেতা ও সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন বাদল জানান, এমন কেউ যদি চেয়ারম্যানদের ভুয়া প্রকল্প দিয়ে গম আত্মসাতের প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন না কেন। এসব অভিযোগ সঠিক নয়। বরং চেয়ারম্যানদের কারণে সৈয়দপুরের উন্নয়ন হলো না এবং গম পাওয়া থেকে বঞ্চিত হলো সৈয়দপুরবাসী।উপজেলা প্রকল্প কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, প্রকল্প পাওয়া যায়নি এবং প্রকল্প বাস্তবায়নের শেষ দিন হচ্ছে ২৯ জুন। তাই বরাদ্দ করা গম ফেরত দিতে হচ্ছে। কেন প্রকল্প পাওয়া গেল না, তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান বলেন, একটি দল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করা যাচ্ছে না।স্থানীয় সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।