ফেরত যাচ্ছে গরিবের ৭৫ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে সময়মতো কাজ না হওয়ায় বরাদ্দ হওয়া ৭৪ লাখ ৮১ হাজার ৪০০ টাকা ফেরত যাচ্ছে। ফলে একদিকে উপার্জন থেকে বঞ্চিত হলো অতিদরিদ্র মানুষ, অন্যদিকে ব্যাহত হলো গ্রামীণ উন্নয়ন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকল্প নির্বাচন ও শ্রমিকদের তালিকা তৈরি করার দায়িত্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিদের। পাঁচটি ইউনিয়নের শ্রমিকদের তালিকা না পাওয়ায় এবং অন্য নয়টি ইউনিয়নের তালিকা দেরিতে পাওয়ায় সময়মতো কাজ করা যায়নি। তাই ওই টাকা ফেরত যাবে।
পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম পর্যায়ের প্রকল্পের ৪০ দিনের এই কর্মসূচির গতকাল বুধবার (৮ মার্চ) ছিল শেষ দিন। গত ১৪ জানুয়ারি থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল। উপজেলায় মোট ১ হাজার ১৭২ জন শ্রমিকের জন্য বরাদ্দ হয় ৯৩ লাখ ৭৬ হাজার টাকা। প্রতি সপ্তাহে শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিন গ্রামীণ উন্নয়নমূলক এই কাজ হবে। এতে প্রতি কর্মদিবসের জন্য শ্রমিকেরা ২০০ টাকা করে মজুরি পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্মসূচিটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) মাধ্যমে বাস্তবায়ন করে।
উপজেলার পুরুলিয়া, পেড়লী, ইলিয়াছাবাদ, বাঐসোনা ও কলাবাড়িয়া—এই পাঁচ ইউনিয়নে ৫০০ জন শ্রমিকের জন্য বরাদ্দ ছিল ৪০ লাখ টাকা। এ পাঁচ ইউনিয়নের শ্রমিকদের তালিকা জমা হয়নি পিআইও কার্যালয়ে। এ ছাড়া তালিকা দেরিতে দেওয়ায় সালামাবাদ ইউনিয়নে ২ দিন, চাচুড়িতে ১০ দিন, মাউলিতে ১২ দিন, পহরডাঙ্গা, বাবরা-হাচলা ও জয়নগরে ১৫ দিন করে এবং হামিদপুর, পাঁচগ্রাম ও খাশিয়াল ইউনিয়নে মাত্র ২০ দিন করে কাজ হয়েছে। এই নয় ইউনিয়নে পুরো ৪০ দিন কাজ না হওয়ায় ৩৪ লাখ ৮১ হাজার ৪০০ টাকা ফেরত যাবে।
এ বিষয়ে জানতে চাইলে বাঐসোনা ইউপি চেয়ারম্যান শাহ ফোরকান মোল্লা বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ ছিলেন। তাঁর অপারেশনের জন্য এলাকার বাইরে থাকায় সময়মতো তালিকা দিতে পারিনি।’ ইলিয়াছাবাদ ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ মল্লিক বলেন, ‘নানা সমস্যার কারণে শ্রমিকদের তালিকা দিতে পারিনি।’
এ ব্যাপারে কথা হয় উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ১৫ জন অতিদরিদ্র মানুষের সঙ্গে। তাঁরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন মন্তব্য করেন, জনপ্রতিনিধিরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। দরিদ্র মানুষের জন্য সময় দেওয়ার সময় তাঁদের নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানরা প্রকল্প নির্বাচন ও শ্রমিকদের তালিকা দেওয়ার পর উপজেলা থেকে আমরা তা অনুমোদন করি। এরপর কাজ হয়। চেয়ারম্যানদের অনেকবার বলার পরও তাঁরা শ্রমিকদের তালিকা জমা না দেওয়ায় এবং প্রকল্প নির্বাচন না করায় ওই কর্মসূচির কাজ করা যায়নি। তাই বরাদ্দের ওই টাকা ফেরত যাবে।’