উপজেলার বিদ্যালয়গামী শিক্ষার্থীদের জন্য নীলফামারীর সৈয়দপুরে রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটি সম্পর্কে প্রচার না থাকায় ও নানা অব্যবস্থাপনায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই প্রতিষ্ঠানটি। এখানে পর্যাপ্ত ওষুধ আছে। কিন্তু নেই চিকিৎসক। রোগীও নেই তেমন একটা। ফলে প্রতিবছরই বরাদ্দ পাওয়া অর্ধেক ওষুধই ফেরত যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিদ্যালয়গামী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও রোগবালাই সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আশির দশকে তৎকালীন সরকার সারা দেশে ৩৪টি বিদ্যালয়ে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করে। এরই ধারাবাহিকতায় সৈয়দপুর শহরের সরকারপাড়ায় সাড়ে ৬১ শতক জায়গার ওপর ছয় কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করে সেখানে এই স্বাস্থ্যকেন্দ্রটি গড়ে তোলা হয়। শুরুতে এখানে দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএস নিয়োগ দেওয়া হয়। একজন চিকিৎসক চিকিৎসাসেবা দিতেন, আরেকজন শহরের বিদ্যালয়গুলোতে গিয়ে ছাত্রছাত্রীদের রোগজীবাণু সম্পর্কে সচেতন করাসহ শারীরিক সমস্যায় স্বাস্থ্যকেন্দ্রটিতে আসার পরামর্শ দিতেন। কিন্তু এখন আর সেই প্রচার ও প্রসার নেই।
এদিকে দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে অন্যান্য সমস্যার সঙ্গে ওষুধের সংকট থাকলেও সৈয়দপুর বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের চিত্র ভিন্ন। এখানে রোগী না থাকায় প্রতিবছরই প্রাপ্ত ওষুধের অর্ধেক বছর শেষে আবার ফেরত পাঠানো হয়। এই কেন্দ্র সূত্রে জানা যায়, গত ২০১৩-১৪ অর্থবছরে পাওয়া গিয়েছিল দেড় লাখ টাকার ওষুধ। এর মধ্যে ৭৪ হাজার টাকার ওষুধ বিতরণ হয়েছে। এরপর ২০১৪-১৫ অর্থবছর প্রথম দফায় ৯৬ হাজার টাকার ওষুধ বরাদ্দ হয়েছে এখানে। এই ওষুধগুলোই এখনো শেষ হয়নি। এরপর পাওয়া যায় আরও প্রায় ৫৪ হাজার টাকার ওষুধ। এগুলোর মোড়ক এখনো খোলাই হয়নি। ২০১৩-১৪ অর্থবছরে বিতরণের মতো রোগী না পাওয়ায় প্রায় অর্ধেক টাকার ওষুধ ফেরত পাঠানো হয়।
সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, শহীদ জিয়া শিশুনিকেতন, আদর্শ বালিকা বিদ্যালয়সহ প্রায় ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা স্বাস্থ্যকেন্দ্রটি সম্পর্কে কিছুই জানে না। বিদ্যালয়গুলোর শিক্ষকেরাও বলেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রটি সম্পর্কে জানলেও এখানে এমবিবিএস চিকিৎসক নিয়মিত না থাকায় শিক্ষার্থীদের সেখানে যেতে উৎসাহিত করেন না।
ওই এলাকার নাসিম (৪০) নামে উর্দুভাষী এক ব্যক্তি বলেন, ‘এই স্বাস্থ্যকেন্দ্র শিক্ষার্থীদের জন্য হলেও আমার পরিবারের সবাই এখানে চিকিৎসা নিই। চিকিৎসক না থাকায় এই স্বাস্থ্যকেন্দ্রটি নিয়ম রক্ষা করে কোনোরকমে চলছে শুধু। অন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো থাকলে এটি খুব ভালো একটি চিকিৎসাকেন্দ্র হতে পারত। স্কুলের বাচ্চারা অনেক ভালো চিকিৎসা পেত। এখানে ভালো ভালো ওষুধ পাওয়া যায়।’
তবে স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন এলাকার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী পপি। সে ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে দিয়েই বিদ্যালয়ে যাতায়াত করে। সে গতকাল বুধবার বলে, ‘এ ভবনটা তো দেখি। কিন্তু এখানে যে বিনা মূল্যে ছাত্রছাত্রীদের চিকিৎসা দেওয়া হয় তা জানাই ছিল না। আমাদের বিদ্যালয়েও কেউ এ বিষয়ে কিছু জানায়নি।’
স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, নজরুল ইসলাম নামে একজন ফার্মাসিস্ট কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসা দিচ্ছেন। তিনি বলেন, চিকিৎসকের অনুপস্থিতিতে তিনিই চিকিৎসাসেবা দিয়ে থাকেন। চিকিৎসা নিতে আসা শামিমা (১০) নামের ফাতেমা এলিমেন্টারি কিন্ডারগার্টেনের এক শিক্ষার্থী বলে, ‘আমরা এখান থেকে চিকিৎসা নিই। কিন্তু এখানে এমবিবিএস ডাক্তার আছেন কি না, তা তো জানি না।’
খোঁজ নিয়ে জানা যায়, এই স্বাস্থ্যকেন্দ্রে দুজন চিকিৎসকের পদ থাকলেও আছেন একজন। তিনিও রংপুর থেকে যাওয়া-আসা করায় সপ্তাহে দু-তিন দিনের বেশি তাঁকে পাওয়া যায় না।
এ নিয়ে নীলফামারীর সিভিল সার্জন আবদুর রশীদের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের একটি পদ শূন্য থাকার বিষয়ে ঊর্ধ্বতন ব্যক্তিদের নিয়মিতই জানানো হয়। তবে এটি নীতিনির্ধারকদের ব্যাপার। তাই এ নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুধ ফেরত যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি।