ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে ভর্তি

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাথরুমে পড়ে পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ায় আজ বুধবার মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাসায় বাথরুমে পড়ে যান ফেরদৌসী প্রিয়ভাষিণী। এতে পায়ের গোড়ালির হাড় স্থানচ্যুত হলে তাঁর পা ফুলে যায়। এ ছাড়া কিছুদিন ধরেই কিডনিসহ বিভিন্ন জটিলতায় গুরুতর অসুস্থ তিনি। বুধবার দুপুরের দিকে হাসপাতালে আনা হয়। ফেরদৌসী প্রিয়ভাষিণীর পায়ের গোড়ালিতে বুধবার রাতেই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন হাসপাতালের চিকিৎসকেরা। তাঁর জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা রাতেই সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে ল্যাব এইডের এজিএম করপোরেট (কমিউনিকেশন) চিকিৎসক সাইফুর রহমান লেনিন বলেন, ফেরদৌসী প্রিয়ভাষিণী মঙ্গলবার রাতে বাসার বাথরুমে পড়ে যান। এতে তাঁর পায়ের গোড়ালির হাড় স্থানচ্যুত হলে পা ফুলে যায়। কিছুদিন ধরেই কিডনিসহ নানা জটিলতায় গুরুতর অসুস্থ ছিলেন তিনি। বুধবার দুপুরের দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। পায়ের তীব্র ব্যথা ও ভয়ে তিনি একধরনের শকে চলে যান। এতে তাঁর হৃদ্যন্ত্রের ক্রিয়া (হার্ট) বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার তিনি ভালো হয়ে যান। তাঁকে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেও তাঁর আবার শক হয়। এতে চিকিৎসকেরা শঙ্কিত হয়ে পড়েন। রাতেই ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা সভা করে পায়ের গোড়ালিতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পাশাপাশি তাঁর অন্যান্য চিকিৎসাও চলবে।