ফেরদৌসী রহমানকে নাগরিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পদ্মার ঢেউ রে!—/ মোর, শূন্য হূদয়-পদ্ম নিয়ে যা, যা রে’—দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের এই গানটি কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। দীর্ঘদিন ধরে ফেরদৌসী রহমান তাঁর সংগীতচর্চায় নজরুলসংগীতকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। নজরুল সম্মেলনে গতকাল রোববার এই গুণী শিল্পীকে নাগরিক সংবর্ধনা জানানো হয়। জাতীয় কবির ১১১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নজরুল একাডেমীর আট দিনের ‘নজরুল সম্মেলন ২০১০’ অনুষ্ঠানমালার গতকাল ছিল ষষ্ঠ দিন। বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে একামেডীর শিল্পীদের সমবেত কণ্ঠে ‘এসো সুন্দর অতিথি’ ও ‘জয় হোক শান্তির’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রধান অতিথি প্রবীণ নজরুলসংগীতশিল্পী সোহরাব হোসেন ফেরদৌসী রহমানের হাতে সংবর্ধনা স্মরক ও মানপত্র তুলে দেন। নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান। বক্তব্য দেন খালিদ হোসেন ও খিলখিল কাজী। ‘আব্বাসউদ্দীন ও কাজী নজরুল ইসলামের সখ্য’ শীর্ষক আলোচনা করেন সামিরা আব্বাসী। ফেরদৌসী রহমানের জীবনী পাঠ করেন শিল্পী নাশিদ কামাল। মানপত্র পাঠ করেন নাসিম আহমেদ। প্রধান অতিথি অনুষ্ঠানে নাশিদ কামালের ফুলের জলসায় নামের নজরুলসংগীতের সিডির মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একাডেমীর শিল্পী ছাড়াও শিল্পী খালিদ হোসেন, ফাতেম-তুজ-জোহরা, শাহীন সামাদ, ফেরদৌস আরা, নাশিদ কামাল, ইয়াসমীন মুশতারী, ইয়াকুব আলী খান প্রমুখ সংগীত পরিবেশন করেন। আজীবন সম্মাননা পাচ্ছেন ফিরোজা বেগমএবার নজরুলজয়ন্তীতে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে আজীবন সম্মাননা দিচ্ছে চ্যানেল আই। এবারও তারা কবির জন্মদিন ২৫ মে আয়োজন করবে ‘নজরুল মেলা’। সেই অনুষ্ঠানেই সম্মাননা দেওয়া হবে। মেলার উদ্বোধন করবেন শিল্পী সোহরাব হোসেন, সুধীন দাশ, ফেরদৌসী রহমান, খালিদ হোসেনসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। মেলা চলবে ওই দিন বিকেল চারটা পর্যন্ত।এ ছাড়া এবারের মেলায় থাকবে কলকাতা থেকে সংগ্রহ করা কবির ব্যবহূত কিছু দুর্লভ সামগ্রীর প্রদর্শনী। মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শন করা হবে নজরুল স্মৃতিচারণামূলক বিভিন্ন পণ্যসামগ্রী। মেলা চলাকালে কবিকে নিয়ে ছবি আঁকবেন প্রথিতযশা চিত্রশিল্পীরা। এই ছবিগুলো বিক্রি করা অর্থ ব্যয় করা হবে নজরুলবিষয়ক গবেষণায়। গতকাল দুপুরে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নজরুল মেলার সার্বিক দিক তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। উপস্থিত ছিলেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির সিএমও বিদ্যুৎ কুমার বসু, চিত্রশিল্পী হাশেম খান ও কথাশিল্পী ইমদাদুল হক মিলন। নজরুল মেলায় দেশের বিশিষ্ট শিল্পী ও প্রধান সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। সারা দিন মেলার স্টলগুলোতে থাকবে নজরুলের বই, নজরুলকে নিয়ে লেখা বই, নজরুল চিত্রকলা ও নজরুলসংগীতের পুরোনো এলপি রেকর্ড ও তার খামের প্রদর্শনী। আরও থাকবে কবির পোশাক, নজরুলসংক্রান্ত ভিডিও সিডি, নজরুলসংগীতের গানের স্টল, নজরুলের চলচ্চিত্র প্রদর্শনী, নজরুল বাড়ির রূপসজ্জা ইত্যাদি। দিনব্যাপী খোলা প্রাঙ্গণের মঞ্চে পরিবেশিত হবে নজরুলসংগীত, নজরুল নৃত্যনাট্য, কবিতা আবৃত্তি ও নজরুলবিষয়ক আলোচনা। মেলায় মঞ্চস্থ হবে নজরুলবিষয়ক একটি নৃত্যনাট্য। বেঙ্গল গ্যালারির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘সৃজনে ও শেকড়ে’বেঙ্গল গ্যালারি তাদের ১০ বছর পূর্ণ করল। এ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে তারা। এরই অংশ হিসেবে এখন চলছে ‘সৃজনে ও শেকড়ে-২’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী। সৃজনে ও শেকড়ে-২ প্রদর্শনী সাজানো হয়েছে ১০ জন শিল্পীর ৪০টি চিত্রকর্ম দিয়ে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মুকতাদির, কালিদাস কর্মকার, শহীদ কবির, আব্দুস শাকুর শাহ্, কাজী গিয়াসউদ্দীন আহমেদ, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা ও ঢালী আল মামুন। নিজ নিজ ক্ষেত্রে সমুজ্জ্বল এই ১০ জন নিজেদের চিত্রশৈলীর মধ্য দিয়ে আলাদা ভুবন নির্মাণ করছেন। অনেকেই আছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান। দেশের চিত্রকলাকে সমৃদ্ধ করার পাশাপাশি বহির্বিশ্বেও তাঁরা দেশের চিত্রকলাচর্চার পরিচিতি তুলে ধরতে সক্ষম হয়েছেন।শিল্পীরা সবাই কাজ করেছেন তাঁদের নিজস্ব রীতিতে। কেউ বিমূর্ত ধারায় শিল্পের রূপমাধুরীর সন্ধানে নিমগ্ন। কেউ বা দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী লোকশিল্পের আঙ্গিকেই আধুনিক শিল্পকলার উপযোগী করে তুলেছেন নিজের কাজ। কারও দৃষ্টিনিবদ্ধ দেশের প্রকৃতিতে, কেউ দেখেছেন মানুষের জীবন-সংগ্রাম। বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী জানান, প্রদর্শনীর শুরুর দিন থেকেই শিল্পরসিকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এটি। বিভিন্ন বয়সের দর্শক আসছে ছবি দেখতে। প্রদর্শনী চলবে ২৯ মে পর্যন্ত।