ফেরা নিয়ে সংশয়

রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। স্মারকে দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার কথা বলা হয়েছে। তবে কবে সেই প্রক্রিয়া শেষ হবে, তা নিয়ে সময়সীমার উল্লেখ নেই।
গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী চ টিন্ট সোয়ে ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সমঝোতা স্মারকে সই করেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
অবশ্য প্রত্যাবাসন শেষ হওয়া পরের কথা, এই প্রক্রিয়া আদৌ আগামী দুই মাসের মধ্যে শুরু হচ্ছে কি না, তা নিয়ে সংশয় থাকার আভাস মিলেছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। মিয়ানমারের রাজধানী নেপিডোতে মাহমুদ আলী সাংবাদিকদের বলেন, ‘তিন মাসের মধ্যে ফেরত না তো, এখন যেটা হচ্ছে এই কাজটা শুরু করতে হবে। ওখানে বাড়িঘরগুলো জ্বালিয়ে দিয়েছে…সমান করে দিয়েছে। বাড়িঘর তো তৈরি করতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, সমঝোতা স্মারক প্রথম পদক্ষেপ, দুই দেশকে এখন পরের ধাপে যেতে হবে। বিস্তারিত সমঝোতা স্মারকের মধ্যে আছে। তিনি ঢাকায় ফিরে এ নিয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন।
গতকাল মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে মাহমুদ আলীর আলোচনার পর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সমঝোতা স্মারকটি সই হয়েছে। পরে অং সান সু চির দপ্তরের ফেসবুক পেজে বলা হয়েছে, রাখাইনের বাস্তুচ্যুত লোকজনকে ফিরিয়ে আনতে নিয়মতান্ত্রিক ব্যাপারে তাদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে ১৯৯২ সালের চুক্তির আলোকে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে।
সু চির দপ্তরের এমন বক্তব্যের পর প্রত্যাবাসন প্রক্রিয়ার উপাদান, বিশেষ করে ১৯৯২ সালের চুক্তিকে কেন ভিত্তি হিসেবে বাংলাদেশ মেনে নিয়েছে, সেই প্রশ্ন উঠছে। বাংলাদেশ শুরু থেকেই বলে এসেছে, ২০১৭ সালের ২৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি আর ১৯৯২ সাল এক নয়। এবার রোহিঙ্গাদের ওপর শুধু ভয়াবহ নৃশংসতা চালিয়েই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী থামেনি, তাদের বাড়িঘর পুড়িয়ে ছাইভস্মে পরিণত করেছে। তাই এবার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অধিকাংশেরই কোনো পরিচয়পত্র নেই। গুটি কয়েকের কাছে ‘সাদা রঙের’ যে পরিচয়পত্র আছে, সেটির মেয়াদ বাতিল করা হয়েছে ২০১৫ সালে। এমন অবস্থায় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এখানে ১৯৯২ সালকে মানদণ্ড নির্ধারণ করা ঠিক হচ্ছে না বলে কূটনীতিকদের মত।
মিয়ানমারের শ্রম, অভিবাসন ও জনসংখ্যাবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিন্ট কিয়াং গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘বাংলাদেশ সেখানে অবস্থানরত লোকজনের আবেদনপত্র পূরণ করে পাঠানোর পরপরই তাদের ফিরিয়ে নিতে আমরা তৈরি আছি।’
মিন্ট কিয়াং জানান, সরকারের জারি করা পরিচয়পত্র যাঁরা দেখাবেন, তাঁদেরই মিয়ানমার ফিরিয়ে নেবে। এ ক্ষেত্রে যাঁদের কাছে সম্প্রতি বাতিল হওয়া ‘সাদা রঙের’ পরিচয়পত্র অথবা বাতিল পরিচয়পত্র জমা দেওয়ার রসিদ আছে, সেটি দেখালে তাঁদের রাখাইনের অধিবাসী হিসেবে বিবেচনা করা হবে।
মিন্ট কিয়াং ‘সাদা রঙের’ পরিচয়পত্রের প্রসঙ্গ টানলেও গত মাসে ঢাকায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে অন্য কথা বলেছিলেন চ টিন্ট সোয়ে। সে সময় মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের ওই মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা কেনাকাটাসহ যেকোনো ধরনের লেনদেনের রসিদ জমা দিলেই সেটি তাদের পরিচয় যাচাইয়ের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হবে। ফলে মিয়ানমার যে প্রতিশ্রুতি থেকে সরে আসার পুরোনো নীতি ছাড়েনি, সেটি বৃহস্পতিবার আবার প্রমাণিত হলো।

বাংলাদেশের কূটনীতিকেরা এই প্রতিবেদককে জানান, সময় ঠিক করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মতের অমিল ছিল। যেমন মিয়ানমার ২০১৬ সালের অক্টোবরের পর থেকে এ পর্যন্ত আসা রোহিঙ্গা অর্থাৎ এবারের ৬ লাখ ২০ হাজারসহ প্রায় ৭ লাখ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নেওয়ার কথা বলছে। বাংলাদেশের দাবি, শুধু ২০১৬ সাল থেকে ২০১৭ সাল নয়, দুই নিবন্ধিত শিবিরের শরণার্থী এবং এখন পর্যন্ত আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার সবাইকে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের ফেরতের সময় জাতিসংঘকে যুক্ত করতে চায়। মিয়ানমার এটা মানতে রাজি নয়। রোহিঙ্গাদের রাখাইনে নিজেদের বাড়িতে রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার বলছে, এবার রোহিঙ্গাদের বাড়িঘর পুড়ে যাওয়ায় তাদের রাখাইনে ফিরিয়ে নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখার কথা বলেছে মিয়ানমার। শেষ পর্যন্ত সমঝোতা স্মারকে বিষয়গুলো কীভাবে এসেছে তা জানা যায়নি। তবে গত বুধবার প্রত্যাবাসন শেষ করার সময়সীমা নিয়ে দুই পক্ষ দীর্ঘ আলোচনা করলেও মিয়ানমার শেষ পর্যন্ত সময়সীমা মানতে চায়নি। আর জাতিসংঘকে যুক্ততার ক্ষেত্রে শুধু ইউএনএইচসিআরকে রাখা যেতে পারে এমন মনোভাব দেখিয়েছে মিয়ানমার।
মিয়ানমারের সঙ্গে সই হওয়া সমঝোতার প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত যতটুকু জেনেছি তাতে আশাবাদী হওয়ার কিছু নেই। অতীতেও চুক্তি সই করে মিয়ানমার তা প্রলম্বিত করেছে। খুবই অল্পসংখ্যক শরণার্থীকে ফিরিয়ে নিয়েছে। মিয়ানমার তার বৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কথা বলে আসছে। এবার এর ব্যতিক্রম হবে কি না, সেটা স্পষ্ট নয়।
এত তাড়াহুড়া করে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সি আর আবরার বলেন, ‘বাংলাদেশ এক বছরের মধ্যে প্রত্যাবাসন শেষ করতে চেয়েছে। জাতিসংঘকে যুক্ত করতে চেয়েছে। বাংলাদেশের স্বার্থের এ বিষয়গুলো পূরণ না হলে এত তাড়াহুড়ার কোনো যুক্তি দেখি না।’
তবে রোহিঙ্গাদের ফেরাতে দুই প্রতিবেশী দেশ সমঝোতা স্মারক সই করলেও এর বাস্তবায়ন নিয়ে সংশয় আছে। কারণ, দেশটির ক্ষমতার ভরকেন্দ্রে সেনাবাহিনী এখনো মূল নিয়ামক। মিয়ানমারের সাংবিধানিক ব্যবস্থায় সেনাবাহিনীর ওপর অং সান সু চির কার্যত নিয়ন্ত্রণ নেই। সেই সঙ্গে এবারের রাখাইন পরিস্থিতিতে মিয়ানমারের জনগণের মাঝে রোহিঙ্গাবিরোধী মনোভাব উসকে দিয়ে নিজের অবস্থান সুসংহত করেছেন সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়েং।
রোহিঙ্গাদের রাখাইনে নিতে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই
আন্তর্জাতিক চাপে তাড়াহুড়া করে সমঝোতা করেছে মিয়ানমার
প্রত্যাবাসন প্রক্রিয়া ২ মাসের মধ্যে শুরু নিয়ে প্রশ্ন
সমঝোতায় প্রত্যাবাসন শেষ করার সময়সীমা উল্লেখ নেই
সেনাপ্রধানের অবস্থান রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে বড় বাধা
ঢাকায় ফিরে বিস্তারিত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী
গত সপ্তাহে জেনারেল লায়েং বলেছেন, রাখাইনের স্থানীয় লোকজন মেনে নিলেই বাংলাদেশে যাওয়া লোকজনকে ফিরিয়ে নেওয়া হবে। কারণ, রাখাইনের নৃগোষ্ঠীর লোকজন ও বৌদ্ধধর্মাবলম্বীরা ‘বাঙালি’দের উপস্থিতি পছন্দ করে না। তবে এদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হলে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে ফেরানোর কথা বলেছেন তিনি। মিয়ানমারের সামরিক শাসনে পাস হওয়া ওই আইনে রোহিঙ্গাদের নাগরিকত্ব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর রোহিঙ্গাদের সব সময় ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে আসছেন মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লায়েং।
মিয়ানমারের সেনাপ্রধানের এই অবস্থান যে রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে বড় বাধা, তা বেশ স্পষ্ট। বিশ্লেষকেরা বলছেন, রাখাইনে রোহিঙ্গা নির্যাতন নিয়ে আন্তর্জাতিকভাবে মিয়ানমার এবারের মতো অতীতে কখনোই এতটা চাপে পড়েনি। বিশেষ করে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতির বিবৃতিসহ একাধিক বিবৃতি, থার্ড কমিটিতে বিপুল ভোটে প্রস্তাব পাস, মার্কিন সিনেটে বিশেষ প্রস্তাব পেশ, মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এগুলোর অন্যতম। এ ছাড়া আগামী মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল মিয়ানমার নিয়ে বিশেষ অধিবেশন ডেকেছে। এমন এক পরিস্থিতিতে রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার যে কিছু করছে, সেটা তড়িঘড়ি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর একটা চাপ দেশটির ওপর আছে। ফলে অনিচ্ছা থাকলেও এবার রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রস্তাবে দেশটি সাড়া দিয়েছে। কিন্তু সময়সীমা নির্ধারণ, সব রোহিঙ্গাকে ফেরত নেওয়া, জাতিসংঘের যুক্ততার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সুরাহা না করেই বাংলাদেশ সমঝোতা স্মারকটি সই করেছে কি না, সেই সন্দেহ থেকেই যাচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা গোলাম আব্বাস গতকাল প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সময় সংখ্যাতাত্ত্বিক বিষয়ে আটকে না থেকে প্রত্যাবাসন শুরুর ক্ষেত্রে নমনীয় থাকা ভালো। তবে বাংলাদেশে যেসব রোহিঙ্গা আছে তাদের ফেরানোর দাবি ছাড়া যাবে না। দুই পক্ষের মধ্যে আস্থা থাকলে সংখ্যাটা বাধা হতে পারে না। আর এ প্রক্রিয়ায় ইউএনএইচসিআরের মতো সংস্থার যুক্ততার কোনো বিকল্প নেই। এ ধরনের তৃতীয় পক্ষ থাকলে বাংলাদেশের জন্য তা ভালো।