ফেরা হলো না মনীষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারুণী স্নান শেষে ঘরে ফেরা হলো না মনীষা ঘোষ (১৪) নামের এক স্কুলছাত্রীর। জলে ডুবে মরণ হলো তার। মৌলভীবাজার শহরের মনু সেতুর পূর্ব পাশে পাকা ঘাটের কাছে গতকাল সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুই ছোট বোন ও এক প্রতিবেশী নারীর সঙ্গে বারুণী স্নান করতে ওই পাকা ঘাটে গিয়েছিল মনীষা। সকাল সাড়ে আটটার দিকে পা পিছলে সে নদীতে পড়ে যায়। সাঁতার জানত না মনীষা। তাই তলিয়ে গেল জলে। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করল। কিন্তু কোথাও হদিস মিলল না তার।পরে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে মনু নদের সেতুর পশ্চিম দিক থেকে মনীষার লাশ উদ্ধার করে।মনীষা মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। সে আইনজীবী অমূল্যকুমার ঘোষ ও রাজনগর উপজেলার পাঁচগাঁও উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা সুলতা রাণী ঘোষের মেয়ে। তাঁরা শহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁদের বাড়ি রাজনগর উপজেলার কুবঝাড় গ্রামে। গতকাল রাতেই সৈয়ারপুর শ্মশানঘাটে মনীষার মরদেহের দাহকাজ সম্পন্ন করা হয়।