ফেরানো গেল না তাঁকে
অনেক চেষ্টা চলেছিল। তার পরও ফেরানো গেল না অকালযাত্রা থেকে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহবুব হোসাইন খান গত বুধবার ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে মারা যান। পরিবার সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগ থেকে এমএসসি পাস করা মাহবুব ২০০৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। গত বছর তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। সহকর্মী ও শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় জোগাড় করা টাকা দিয়ে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি হলে গত ফেব্রুয়ারি মাসে তাঁকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ৯ এপ্রিল আবার অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাহবুবের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন, বায়োটেকনোলজি বিভাগের সভাপতি রেজওয়ানুল ইসলাম প্রমুখ। কাল শনিবার কুষ্টিয়ার মার্কাজ মসজিদে জানাজা শেষে বগুড়ার সদর থানার মালতীনগরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।