ফেরার তাড়া গাবতলীতে

স্ত্রী আর সন্তানদের নিয়ে এ কে ট্রাভেলসের বাসে করে আজ সোমবার সকালে গাবতলী থেকে মাগুরায় যাচ্ছেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার চাকরিজীবী মনজুর হোসেন। ঈদের আগে তিনি ছুটি নিয়েছেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে। তিনি বলেন, ‘আমাদের পরিবারের সবাই কম বেশি ঢাকায় থাকি। গত ঈদে যেতে পারিনি, তাই এবার আগেভাগেই ঢাকা ছাড়ছি। তা ছাড়া পরে গেলে অনেক ভিড় থাকে। আগেই চলে যাচ্ছি তাই।’
মনজুরের মতোই আরেকজন রাজবাড়ীর পাংশার মানিক মিয়া। ঢাকায় কাপড়ের ব্যবসা আছে তাঁর। তিনিও আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন। তবে তিনি যাচ্ছেন একা। তাঁর পরিবার থাকে পাংশায়। মানিক জানালেন, ঈদের আগে আগে ঘাটে ফেরি পারাপারে অনেক সময় লাগে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে বিরক্ত লাগে তাঁর। তাই তিনি আগেভাগে গ্রামে চলে যাচ্ছেন।
সকালে গাবতলী ও কল্যাণপুর এলাকায় গিয়ে দেখা গেছে, মনজুর আর মানিকের মতো অনেকেই আজ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামে ফিরতে শুরু করেছেন। গাবতলীর বাস কাউন্টারগুলোর সামনে তাই মানুষের ভিড় বাড়ছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই ভিড় বাড়তে থাকবে। তবে মানুষ সবচেয়ে বেশি বাড়ি ফিরবেন ৩০ ও ৩১ আগস্ট। এই দুই দিনেই সবচেয়ে বেশি মানুষ তাদের কাউন্টার থেকে টিকিট কেটেছেন।
গাবতলী থেকে উত্তরবঙ্গে চলাচল করে উত্তরণ কোচ সার্ভিস। বাসটির ব্যবস্থাপক রথী দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুটি বাস ঢাকা থেকে রংপুর-সৈয়দপুর গন্তব্যে চলাচল করে। দুটি বাসই যাত্রীতে ভরা ছিল। অনেক মানুষ বাড়ি ফিরছেন।’
গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক দুলাল বলেন, সবচেয়ে বেশি মানুষ ৩০ ও ৩১ আগস্টের টিকিট কেটেছেন। তবে আজ থেকে প্রতিটি বাসে আসন পূর্ণ হয়ে গেছে। কোনো আসন আর ফাঁকা থাকছে না।
গত ঈদে ছুটি পাননি একটি নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠানের চাকরিজীবী মনিরুল মিয়া। তাঁর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে। তিনি বলেন, ‘গত ঈদে তো ছুটি পাই নাই, সে জন্য বাড়ির লোকজনের সঙ্গে ঈদ করতে পারি নাই। এবারে ঈদের আগেই ছুটি নিছি। শুনছি বাড়িতে পানি উঠছিল, তাই মনটা খারাপ। অনেক কিছু নষ্ট হইছে।’ তবে ঈদে সময়মতো বাড়ি ফিরতে পারবেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘কয়দিন আগে আমার এক আত্মীয় ঢাকা থেকে গেছেন। দিনাজপুরে যাইতে ২৭ ঘণ্টা লাগছে। আমি কতক্ষণে বাড়ি যাব বলতে পারি না।’
কল্যাণপুর বাসস্ট্যান্ডে কথা হয় রাজশাহীর মাহবুব আলমের সঙ্গ। তিনি ইসলামপুরে এক কাপড়ের দোকানে চাকরি করেন। ঈদের ছুটিতে যাচ্ছেন রাজশাহীতে। মাহবুব বলেন, ‘গত ঈদের মতো কেনাকাটা এই ঈদে নাই। তাই মালিক আগেই ছুটি দিয়া দিলো। দুই দিন পরেই রাস্তায় জাম হইবো, তাই আগেই বাড়ি যাইতেছি।’
এবার উত্তরবঙ্গসহ বিভিন্ন স্থানে সড়কের বেহাল অবস্থার কথা জানিয়ে হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক আবদুস সামাদ বলেন, এবার মানুষের ভোগান্তি চরমে। যে বাস আট ঘণ্টায় আসার কথা, তা আসতে ১৫ থেকে ১৮ ঘণ্টা লাগছে। যদি ঈদের আগে বৃষ্টি হয়, তাহলে সঠিক গতিতে বাস চালানো কঠিন হয়ে যাবে। সে ক্ষেত্রে গন্তব্যে পৌঁছতে আরও বেশি সময় লাগতে পারে।
একই অবস্থার কথা জানালেন এস আর পরিবহনের উপমহাব্যবস্থাপক প্লাবন রহমান। তিনি বলেন, যে বাস ঢাকা থেকে যাচ্ছে তা সঠিক সময়ে ফিরে আসছে না। অনেক দেরি হচ্ছে। এ ক্ষেত্রে সড়ক ব্যবস্থাকে দায়ী করলেন তিনি। তিনি বলেন, ‘রাস্তা খারাপ হওয়ার জন্য যদি দেরি হয় তাহলে তো আমাদের কিছু করার থাকে না।’