ফেরার পথে ইউএনও অবরুদ্ধ, পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে নিষিদ্ধ ‘বোমা মেশিন’ বন্ধে যৌথ অভিযান শেষে ফেরার পথে গতকাল মঙ্গলবার পাড়ুয়ার বউবাজারে পাথরশ্রমিকদের অবরোধের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) অভিযানকারীরা। পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করলেও এ সময় বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোলাগঞ্জের পাড়ুয়ার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গতকাল প্রথম আলোয় ‘কৌশলের বোমা মেশিন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অধিদপ্তরের নিয়মিত অভিযান হিসেবে ইউএনও আসিফ বিন ইকরাম পুলিশ নিয়ে কোয়ারিতে অভিযান চালান।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১১টা থেকে একটা পর্যন্ত চলা অভিযানে চালু অবস্থায় ৩৫টি বোমা মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়। তিনজন শ্রমিককে আটক করে ১৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

পুলিশ জানায়, পাথর কোয়ারি থেকে অভিযান শেষে ফেরার পথে পাড়ুয়ার বউবাজারে একদল পাথরশ্রমিক ইউএনওর গাড়ির গতিরোধ করে রাস্তায় দাঁড়ান। এ সময় অভিযানে থাকা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের গাড়িবহর সেখানে গিয়ে আটকা পড়ে। একপর্যায়ে গাড়িবহর ঘিরে একধরনের অবরোধ অবস্থার সৃষ্টি হলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। পুলিশের ছোড়া রাবার বুলেটবিদ্ধ হয়ে মোশাররফ হোসেন নামের এক পাথর ব্যবসায়ী আহত হন। বিচ্ছিন্ন সংঘর্ষে আরও ছয়জন শ্রমিক আহত হয়েছেন বলে পুলিশ জানায়।

পুলিশের রাবার বুলেটে আহত মোশাররফ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলীর ছোট ভাই।

স্থানীয় সূত্র জানায়, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল বাছিরের ছেলে প্রভাবশালী পাথর ব্যবসায়ী শামীম আহমদের পক্ষের শ্রমিকদের উসকে দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। পাড়ুয়া এলাকায় শামীমের বাড়ি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন হামলাকারী ও উসকানিদাতাদের  নাম সংগ্রহ করা হচ্ছে বলে জানান। ১৮টি রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে      জানান তিনি।