ফেরার পথে দৌলতদিয়ায় এক ঘাটই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মার তীব্র স্রোতে ভেঙে চারটি ঘাটের মধ্যে তিনটিই বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট একটি ঘাট দিয়েই কোনোরকমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা বিভিন্ন যানবাহন পার হচ্ছে। এতে করে ঘাটের গোয়ালন্দ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়কের ব্যাপক অংশ ভেঙে যাওয়ায় বিকেল পাঁচটা থেকে ৪ নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা সাতটার দিকে ৩ নম্বর ঘাটের র‌্যামের নিচ থেকে সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় সেটিও সাময়িকভাবে বন্ধ। আর ২ নম্বর ঘাটটি গত রোববার থেকে বন্ধ রয়েছে। বাকি শুধু ১ নম্বর ঘাট দিয়ে গাড়ি পারাপার করছে। গাড়ি পারাপার চরমভাবে ব্যাহত হওয়ায় দৌলতদিয়া প্রান্তে প্রায় সাত কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে ঈদের ছুটি থেকে ঢাকা ফেরত মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বিকেল পাঁচটার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের প্রায় ৬০ ফুট সড়ক নদীতে বিলীন হয়ে যায়। ফলে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন ফেরিতে উঠতে না পারায় ঘাটটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভাঙন তীব্র আকার ধারণ করায় এই মুহূর্তে ২ নম্বর ঘাটও চালু হওয়ার সম্ভাবনা নেই। এ ছাড়া ৩ নম্বর ঘাটও সাময়িকভাবে বন্ধ। বর্তমানে শুধু ১ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

আজ বিকেলে দেখা যায়, ফেরি ঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পর্যন্ত দুই সারিতে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে। কোথাও তিন সারি পর্যন্ত গাড়ি দেখা যায়। এ ছাড়া ঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী যানবাহনের আরও এক সারি সৃষ্টি হওয়ায় মহাসড়কে তিন সারি গাড়ির কারণে পায়ে চলার পথ পর্যন্ত বন্ধের উপক্রম হয়েছে। যানজট এড়াতে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদ মাঠে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার গাড়ি যাত্রী নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। এসব গাড়ির যাত্রীরা গোয়ালন্দ থেকে ফেরি ঘাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘাটে পৌঁছাতে হচ্ছে।

মাগুরা থেকে আসা ইয়াকুব হোসেন বলেন, ‘শনিবার অফিস খুলবে, তাই আজই রওনা করেছি। কিন্তু যানজটের কারণে আমাদের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়ায় মাথায় ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করেছি।’ ইয়াকুব হোসেনের মতো অসংখ্য মানুষের দুর্ভোগের চিত্র প্রায় একইরকম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুটি বন্ধ রয়েছে। সন্ধ্যার দিকে আরও একটি সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ায় যানবাহন পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে করে ঘাটে শত শত গাড়ি আটকা পড়েছে। ঘাটে ফেরির সংখ্যা যথেষ্ট পরিমাণ থাকলেও ঘাট সংকটের কারণে ফেরি চলতে পারছে না।