ফেরারি আসামিদের ফিরিয়ে আনতে উচ্চপর্যায়ের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দণ্ড কার্যকর করা এবং বিচারের প্রয়োজনে বিদেশ থেকে আসামি ফিরিয়ে আনতে সরকার উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রীর নেতৃত্বাধীন নয় সদস্যের এই কমিটি গতকাল রোববার অনুমোদন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই কমিটির সদস্য হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক।সূত্র জানায়, যেসব আসামি দণ্ডিত কিংবা কোনো মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত হয়ে বিদেশে পলাতক, তাঁদের অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা বা আইনি প্রক্রিয়ায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে।প্রসঙ্গত, ইতিমধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ছয় আসামি বিদেশে পলাতক রয়েছেন। ইতিপূর্বে একাধিকবার এ প্রসঙ্গে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে সাংবাদিকদের বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে এসব খুনি কোথায় আছেন, সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। অবস্থান নিশ্চিত হতে আন্তর্জাতিক পুলিশ (ইন্টারপোল) সংস্থার সহায়তা চাওয়া হয়েছে।একজন খুনি নূর চৌধুরীর কানাডায় অবস্থান নিশ্চিত হওয়া গেলেও সে দেশের আইনি জটিলতায় তাঁকে ফিরিয়ে আনা সহজ হচ্ছে না।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, যুদ্ধাপরাধীদের কেউ বিদেশ চলে গেলে তাঁকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতেও এ কমিটি কাজ করবে। পাশাপাশি অন্য যেকোনো ধরনের অভিযোগে অভিযুক্ত বিশেষ করে জঙ্গি-সন্ত্রাসী এবং এসব কাজের অর্থায়নকারীদের ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেবে এ কমিটি।