শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের ডুবোচরে গতকাল মঙ্গলবার ফেরি আটকে দুই ঘণ্টা পারাপার বন্ধ ছিল। পরে ফেরিটি উদ্ধার করা হলে যান পারাপার স্বাভাবিক হয়। এতে উভয় ঘাটে যানজটে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, কাওড়াকান্দি ঘাট থেকে আসা ফেরি রানীখেত ২০-২৫টি যানবাহন নিয়ে নৌপথের মাগুখণ্ড চ্যানেলের মুখে ডুবোচরে বেলা ১১টায় আটকে যায়। এতে চ্যানেল বন্ধ হয়ে ফেরি চলাচল বন্ধ থাকে। বিআইডব্লিউটিএর টাগবোট (উদ্ধারকারী জাহাজ) ফেরিটিকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করলে পারাপার আবার শুরু হয়।
শিমুলিয়া ঘাটে একাধিক ট্রাকের চালক বলেন, প্রায় সময় ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ডুবোচরে আটকে থাকতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় লাগছে। আবার দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীসহ পণ্যবাহী যানের চালকদের। যাত্রী কুতুবুদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন খননের পর শুনেছি নতুন করে চ্যানেল স্বাভাবিক হয়ে আসছে। দূরত্ব কমে এসেছে। কিন্তু সেই চ্যানেলেই আবার ফেরি ডুবোচরে আটকে গেল।’
মাওয়া ঘাটের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন বলেন, খননের পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-চ্যানেল স্বাভাবিক হয়ে আসে। এতে পথ কয়েক কিলোমিটার কমে যায়। কিন্তু কয়েক দিন যেতে না-যেতেই আবার ডুবোচরে আটকে গেল ফেরি।