ফেরি ও ঘাট-সংকটে দৌলতদিয়ায় গাড়ির লম্বা লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরি ও ঘাট-সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় টার্মিনাল পেরিয়ে মহাসড়কে গাড়ির লম্বা লাইন তৈরি হয়েছে। নদীর নাব্যতা কমতে থাকায় দৌলতদিয়ার চারটির মধ্যে অধিকাংশ ঘাট খাড়া হওয়ায় ফেরিতে গাড়ি ওঠা-নামায় সমস্যা দেখা দেয়। আজ সোমবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এর মধ্যে অধিকাংশ ছিল পণ্যবাহী গাড়ি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, পদ্মা ও যমুনা নদীতে পানি কমতে থাকায় গত কয়েক দিনে দৌলতদিয়ার একাধিক ঘাট খাড়া হয়ে পড়ে। এতে ওই ঘাট দিয়ে ফেরিতে ওঠা-নামা করতে সমস্যায় পড়তে হয়। সকালে এমন পরিস্থিতির কারণে ১ নম্বর ঘাটটি স্থানান্তর করে সাবেক ৩ নম্বর ঘাটে বসিয়ে দেওয়া হয়। ঘাট স্থানান্তরের কাজ করায় প্রায় দুই ঘণ্টা এই ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়ে। অপর ২ নম্বর ঘাটেরও একই অবস্থা হলে কর্তৃপক্ষ সকাল সাড়ে ১০টা থেকে রেকারের সাহায্যে র‍্যাম দুটি টেনে ওপরে তোলে। পরে র‍্যামের নিচে ইটভর্তি বস্তা ফেলে র‍্যামটি বসানো হলে প্রায় দেড় ঘণ্টা পর ঘাট দিয়ে গাড়ি পারাপার শুরু হয়। এ ছাড়া দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে মোট ১৭টি ফেরির মধ্যে ১৫টি চলছিল। বাকি দুটির মধ্যে রোরো (বড়) ভাষাসৈনিক গোলাম মওলা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বিকল হয়ে স্থানীয় ভাসমান কারখানায় পড়ে আছে।
বেলা ১১টার দিকে দেখা যায়, ১ নম্বর ফেরিঘাট থেকে পন্টুন সরিয়ে নেওয়ায় সেখানে স্থানীয়ভাবে খননকাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর লোকজন বোট নিয়ে অবস্থান করছে। পাশের ২ নম্বর ঘাটে রেকার দিয়ে পন্টুন দুটি উঁচু করে রাখা হয়েছে। পন্টুনের নিচে শ্রমিকেরা ইটভর্তি বস্তা ফেলছে। ২ নম্বর ঘাট ছোট ফেরির জন্য থাকায় সেখানে কোনো বড় ফেরি নেই। পাশের ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠা-নামা করছে।
এ সময় ওই ঘাটের কাছে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। যশোর থেকে গাজীপুরের উদ্দেশে আসা চালক নাসির সরদার বলেন, ২৪ ঘণ্টা পার হলেও এখনো ঘাট থেকে অনেক দূরে পড়ে আছি। যাত্রীবাহী বাসও তিন-চার ঘণ্টা করে ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরি ও নাব্যতা-সংকটের কারণে ঘাট সমস্যা দেখা দেওয়ায় নদীর দুই পারে বেশ কিছু গাড়ি আটকা পড়েছে। নিয়মিত ফেরি চললে মঙ্গলবার ভোরের মধ্যে জরুরি গাড়িগুলো নদী পাড়ি দিতে পারবে। অন্যান্য গাড়িও যথাসময়ে ফেরিতে তোলার চেষ্টা করা হচ্ছে।