ফেরি ও ঘাট স্বল্পতায় পারাপার ব্যাহত

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘাট ও ফেরি স্বল্পতার কারণে কয়েক দিন ধরে গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ায় চারটি ঘাটের মধ্যে দুটি দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। ঠিকমতো গাড়ি পার হতে না পারায় উভয় ঘাটে দেখা দিয়েছে যানজট। আজ রোববার বিকেল পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন তৈরি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে সার্বক্ষণিক ১৮টি ফেরি থাকা দরকার। বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরি চালু আছে। প্রয়োজনের তুলনায় কম ফেরি থাকায় যথাসময়ে গাড়ি পার হচ্ছে না। অন্যদিকে দৌলতদিয়ায় পাঁচটি ঘাট থাকলেও সচল রয়েছে চারটি। এর মধ্যে কয়েক দিন ধরে ১ ও ২ নম্বর ঘাটের সামনে খননযন্ত্র থাকায় সহজে কোনো ফেরি ভিড়তে পারছে না। এতে পুরোপুরি চালু থাকা ৩ ও ৫ নম্বর ঘাটে বাড়তি চাপ পড়ছে। কখনো কখনো ফেরির জটও বেঁধে যাচ্ছে। আবার মধ্যরাতে কুয়াশার কারণেও ফেরি চলাচল বন্ধ থাকছে। আজ সকাল আটটা থেকে বেলা দশটা পর্যন্ত কুয়াশায় ফেরি বন্ধ না হলেও, পারাপার ব্যাহত হয়। এসব কারণে উভয় ঘাটে শয়ে শয়ে গাড়ির জট তৈরি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার লম্বা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক জুড়ে আটকে আছে গাড়ি। এর মধ্যে যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক ও সাধারণ গাড়ি রয়েছে। আগের দিন মধ্যরাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা অনেক যাত্রীবাহী নৈশ কোচও দেখা গেছে সেখানে।
কয়েকজন বাস চালক বলেন, গতকাল রাত একটার দিকে এসে তাঁরা ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গোয়ালন্দ বাজারের কাছে যানজটে আটকা পড়েন। প্রায় ১১/১২ ঘণ্টা পার হলেও এখনো ফেরি ঘাট পার হতে পারেননি।
কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক মৃদুল রঞ্জন দাস প্রথম আলোকে বলেন, ফেরি ও ঘাট কম থাকায় এবং কুয়াশার কারণে পারাপার ব্যাহত হওয়ায় গাড়ির চাপ পড়েছে। কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীবাহী বাস, কাঁচা পচনশীল দ্রব্য বহনকারী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। এ কারণে ঘাটে চাপ রয়েছে। তবে সুষ্ঠুভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘাট ও ফেরি স্বল্পতা ছাড়াও বিজয় দিবসের ছুটি থাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত গাড়ি ও মানুষ বাড়ি যাচ্ছে এবং কর্মস্থলে ফিরছে। এ কারণে ঘাটে বাড়তি চাপ তৈরি হয়েছে।