ভোলার বিভিন্ন নৌপথে ডুবোচর পড়েছে। মেঘনা, তেঁতুলিয়া, কালাবদর, ইলিশা, বুড়ি গৌরাঙ্গ নদীতে সৃষ্টি হওয়া এসব ডুবোচরে প্রতিদিন বিভিন্ন নৌপথের লঞ্চ আটকে যাচ্ছে। একই কারণে সড়কপথে চলাচলের জন্য চালু করা ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল নৌপথে ফেরি চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। শুষ্ক মৌসুমে এ সমস্যা বেশি হচ্ছে। এতে ভোলার মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।এ অবস্থায় খননের মাধ্যমে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে না আনলে এসব পথে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে বলে লঞ্চমালিকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। ভোলা পৌরসভার আলিয়া মাদ্রাসা সড়কের বাসিন্দা শোয়াইব আক্তার বলেন, ঈদের আগের দিন ১৬ নভেম্বর বেলা ১১টার সময় ঢাকার সদরঘাট থেকে তিনি এমভি সম্পদ নামক একটি লঞ্চে ওঠেন। ওই দিন রাত নয়টায় ভোলার কাছে শ্রীপুর এলাকায় তাঁদের লঞ্চটি ডুবোচরে আটকে যায়। পরদিন দুপুরে লঞ্চটি ঘাটে পৌঁছায়। এই কারণে তিনি ঈদের নামাজ পড়তে পারেননি। লঞ্চের খাবার শেষ হয়ে যাওয়ায় যাত্রীদের না খেয়ে থাকতে হয়েছে। ভোলা-বরিশাল নৌপথে প্রতিদিন ২০টি লঞ্চ চলাচল করে। ভোলা অফিসারপাড়ার বাসিন্দা আলমগীর কবির জানান, ভোলা থেকে বরিশাল যেতে বর্ষা মৌসুমে সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। আর এখন লাগে সাড়ে চার ঘণ্টা। শুধু তাই নয়, প্রায়ই কালাবদর, তেঁতুলিয়া ও কীর্তনখোলা নদীর বিভিন্ন স্থানে ডুবোচরে লঞ্চ আটকে যাচ্ছে।ঢাকা-চরফ্যাশন নৌপথের কর্ণফুলী-৩ নামক লঞ্চের মাস্টার মো. দেলোয়ার হোসেন জানান, ভোলা লালমোহন উপজেলার নাজিরপুর লঞ্চঘাট থেকে ২০০ গজ সামনে দক্ষিণে তেঁতুলিয়া নদীর প্রায় এক কিলোমিটারে ও বোরহানউদ্দিন উপজেলার দেউলা লঞ্চঘাটের ৬০০ গজ উত্তরে তেঁতুলিয়ার অনেকাংশে ডুবোচর পড়েছে। ভোলা সদর উপজেলার চেয়ারম্যান ফজলুল কাদের বলেন, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ২১ জেলার ট্রাক এবং বাসযাত্রীরা ভোলা (ইলিশা ফেরিঘাট)-লক্ষ্মীপুর (মজুচৌধুরী ফেরিঘাট) ও ভোলা-বরিশাল নৌপথের ফেরি দিয়ে পারাপার হন। কিন্তু ডুবোচর ও ফেরি সংকটের কারণে প্রায়ই যাত্রী এবং যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিআইডব্লিউটিসি ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভুঁইয়া জানান, এ পথে চারটি ফেরি দরকার। কিন্তু চলছে দুটি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ভোলা-লক্ষ্মীপুরসহ অন্যান্য নৌপথের বিভিন্ন অংশ খনন করার জন্য চারবার দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু ড্রেজার মেশিন না পাওয়ায় খনন কাজ করা যায়নি। ড্রেজার মেশিন পেলেই আমরা খনন কাজ শুরু করব।’