ফেরি করে গরু বিক্রি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে এবার কোরবানির গরু বিক্রি করছেন একদল বিক্রেতা। দু-তিন দিন ধরে কিছু গরু ব্যবসায়ী ফেরি করে গরু বিক্রি করছেন। এসব ফেরিওয়ালার প্রতি ক্রেতাদেরও আগ্রহ দেখা গেছে। অনেকে ব্যস্ততার কারণে গরুর হাটে না গিয়ে তাঁদের কাছ থেকে গরু কিনছেন।
গতকাল বৃহস্পতিবার গরু ব্যবসায়ী আমির হোসেন ও ছফি উল্যা জানান, কোরবানির পশু হিসেবে বিক্রির জন্য তাঁরা ৩৫টি গরু আনেন। এ পর্যন্ত গ্রামেই ১৬টি গরু বিক্রি করে ফেলেন। ইজারা ও চাঁদার ঝামেলা এড়াতে হাটে না নিয়ে তাঁরা গ্রামে ফেরি করে গরু বিক্রি করছেন।
কেরোয়া গ্রামের আনোয়ার হোসেন নামে অপর গরু ব্যবসায়ী বলেন, ‘গ্রামের রাস্তায় হাঁটার পথে গতকাল ও আগের দিন বুধবার তিনটি গরু বিক্রি করি। গরু নিয়ে গ্রামে হাঁটার সময় ক্রেতাদের কাছ থেকেও বেশ সাড়া পাচ্ছি।’
হাফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, রায়পুরের গরুর বাজারগুলোতে কয়েক বছর ধরে হাসিল বেশি নেওয়া হচ্ছে। গরু কিনলে ইজারাদারদের সঙ্গে হাসিলের টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। এতে অনেকেই ঝামেলা এড়াতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে গরু কিনছেন।