ফেরি-গ্যাংওয়ে সংকট ও ডুবোচরে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরি-গ্যাংওয়ে সংকট ও ডুবোচরের কারণে ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট নৌপথে ভোগান্তি লেগেই আছে। বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের এই নৌপথের দুই পাড়ে প্রায়ই আটকে থাকে শত শত যানবাহন।ইলিশা ঘাটের ব্যবস্থাপক নূরুল ইসলাম ভূঁইয়া বলেন, ২০০৮ সালে ইলিশা-মজু চৌধুরীরহাট নৌপথে ফেরি চালু হয়। ওই সময় তিনটি ফেরি চলাচল করত। তখন ভোলা-চট্টগ্রাম পথে যাত্রীবাহী বাস ছাড়া অন্য যানবাহন চলাচল করত। তবে ২১টি জেলার যাত্রী ও মালবাহী গাড়ি এই পথে চলাচল করছে। বর্তমানে ভোলা-চট্টগ্রাম পথে ১৮টি যাত্রীবাহী বাস চলছে। এ ছাড়া মজু চৌধুরীরহাট ঘাট থেকে ১৫টি বাস ভোলা-বরিশালের যাত্রী নিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই পথে গাড়ি ও যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু একটি ফেরি কমিয়ে দেওয়া হয়েছে। তাও একটি প্রায়ই বন্ধ থাকে। সমস্যাগুলো বারবার লিখিতভাবে জানানো হলেও কাজ হচ্ছে না। এই কারণে ইলিশা ও মজু চৌধুরীরহাট ঘাটে প্রায়ই শত শত গাড়ির ভিড় দেখা যায়। ফেরি সংকটের কারণে গত ১৫ ডিসেম্বর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ১৮ দিন দুই পাড়ে ট্রাক ও যাত্রীবাহী বাসসহ শতাধিক যান আটকে ছিল।ঘাট ও ফেরি পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশা ফেরিঘাটের আশপাশ, রামদাসপুর চ্যানেল ও মজু চৌধুরীরহাট ফেরি ঘাটের প্রবেশপথে রহমতপুর চ্যানেলে চর পড়েছে। এই কারণে ভাটার সময় প্রায়ই ফেরি আটকে যায়। তা ছাড়া এই নৌপথে কোনো বয়াবাতি ও মার্কা (নৌ-চিহ্ন) নেই। অন্যদিকে বর্ষাকালে ও শীতকালে একটি গ্যাংওয়ে ব্যবহার করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। যে দুটি ফেরি চলছে তার ধারণক্ষমতা খুবই কম। কিশানী ফেরিতে ছোট-বড় ১৫টি এবং কামেনী ফেরিতে ১০টি যানবাহন পাড় করা যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) গোপাল মজুমদার বলেন, ফেরির সংখ্যা বাড়িয়ে নদী খনন করাসহ কিছু সমস্যা দূর করলে নৌপথটি আরও লাভজনক হবে। শিগগিরই এ পথে নতুন একটি ফেরি নামানো হবে। কিন্তু বার বার বলা সত্ত্বেও বিআইডব্লিউটিএ নদী খনন ও ফেরিঘাটের সঙ্গে থাকা লঞ্চঘাট সরাচ্ছে না।