ফেরি চরে আটকা যানবাহনের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া থেকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা আমানত শাহ ফেরি স্রোতে চরে আটকে গেলে শুক্রবার ভোরে সেটি উদ্ধার করা হয়। শুক্রবার সকালে চরে আটকা পড়া ফেরি শাহ আলী বিকেল পাঁচটায় উদ্ধার করা হয়। দফায় দফায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়ায় আটকা পড়েছে কয়েক শ গাড়ি।বিআইডব্লিউটিসি ও গোয়ালন্দ ঘাট সূত্রে জানা যায়, স্রোতের কারণে ফেরিগুলো দিক ঠিক রাখতে পারছে না। বৃহস্পতিবার রাত নয়টার দিকে পাটুরিয়া থেকে ফেরি আমানত শাহ যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। রাত ১০টার দিকে চ্যানেলের কাছে ফেরিটি চরে আটকা পড়ে। এ সময় ফেরিতে শতাধিক যাত্রী ছিল। ফেরিটিকে উদ্ধার করতে এসে একে একে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কাবেরী, কেরামত আলী আটকা পড়লে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ আইটি-৩৯২ এসে উদ্ধার-তৎপরতা চালায়। প্রায় দুই ঘণ্টা পর অন্যান্য ফেরি উদ্ধার হলেও রাতভর চেষ্টার পর শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ফেরি আমানত শাহকে উদ্ধার করা হয়।এদিকে শুক্রবার যানবাহন নিয়ে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি শাহ আলী সকাল পৌনে নয়টার দিকে একই স্থানে আটকা পড়ে। আমানত শাহ ফেরির দ্বিতীয় মাস্টার হাসান আহাম্মেদ জগলুল বলেন, কয়েক দিন ধরে পানি বাড়ায় স্রোতের গতি অনেক বেড়ে গেছে। বিশেষ করে, চ্যানেলে ঢোকামাত্র স্রোতে ফেরির দিক ঠিক রাখা যায় না।শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘাটে থেকে দেখা যায়, চরে আটকে আছে ফেরি শাহ আলী। ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি পড়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, রাতে চরে আটকা পড়া ফেরি আমানত শাহকে উদ্ধার করতে গিয়ে পর পর কয়েকটি ফেরি আটকা পড়ে। সারা রাত চেষ্টার পর শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। বর্তমানে ফেরিগুলো কয়েক কিলোমিটার পথ ঘুরে চলাচল করায় সময় বেশি লাগছে। এসব কারণে দৌলতদিয়ায় যানজট দেখা দিয়েছে।