ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে নয় ঘণ্টার বেশি সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে ৪০টি যানবাহন নিয়ে ছোট-বড় চারটি ফেরি।
এ ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের উভয় পাশে আটকে পড়ে কয়েক শ যানবাহনের কয়েক হাজার যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশা পড়তে থাকলে ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বাড়তে থাকে। রাত সাড়ে ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। একই সঙ্গে এ পথে লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যায়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি এনায়েতপুরী, শাহ মখদুম ও ভাষাশহীদ বরকত এবং কে টাইপ ফেরি কাবেরী মাঝনদীতে আটকা পড়ে। এ সময় ফেরিতে তিন শতাধিক যাত্রীবোঝাই ২০টির মতো যাত্রীবাহী বাস, ১০টি পণ্যবাহী ট্রাক ও ১০টির মতো ছোট গাড়ি ছিল। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কুয়াশা কমতে শুরু করলে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়।
গতকাল সকালে দৌলতদিয়া গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে টার্মিনাল পর্যন্ত এক কিলোমিটারজুড়ে বাস ও ট্রাকের সারি পড়ে আছে। টার্মিনালের পর থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই কিলোমিটার লম্বা তিন সারিতে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাসসহ অনেক যানবাহন আটকে রয়েছে। পুলিশ গাড়ির সারি ঠিক রাখতে গিয়ে মাঝেমধ্যে বেকায়দায় পড়ছে। আটকে থাকা অধিকাংশ বাসের যাত্রী জানান, কোনো কোনো গাড়ি ১১ থেকে ১২ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে। একইভাবে ঢাকা-আরিচা মহাসড়কেও আটকা পড়ে পাঁচ শতাধিক গাড়ি। নদীতে ও মহাসড়কে আটকে পড়া কয়েক হাজার যাত্রী সারা রাত শীতে কাহিল হয়ে পড়ে।
গাজীপুর থেকে মাগুরার যাওয়ার সময় সোমবার রাতে পাটুরিয়ায় আটকে থাকেন বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা আমিরুল ইসলাম। তিনি জানান, তাঁর মতো বহু মানুষ এভাবে দুর্ভোগের শিকার হন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নয় ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে অন্তত আট শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যানবাহনে আটকে থাকা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
তবে দিন শেষে গাড়ির চাপ অনেকটা কমে আসবে বলে তিনি জানান।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খন্দকার মো. তানভীর হোসেন জানান, পাটুরিয়া ঘাট থেকে নয় ঘণ্টার বেশি সময় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গতকাল সকালে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।