ঢাকা-শরীয়তপুর সড়কপথে সরাসরি বাস কম চলাচল করায় ঈদে ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা থেকে যাত্রীদের শরীয়তপুরে আসতে হলে নৌপথে দুবার পদ্মা নদী পার হতে হয়। যাত্রীবাহী বাস পারাপারের জন্য কম দূরত্বের মাওয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে মাওয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি দিয়ে শরীয়তপুর-ঢাকা সড়কপথের যাত্রীবাহী বাস চলাচল করত। ওই সময় এই পথ দিয়ে প্রতিদিন দুটি পরিবহন প্রতিষ্ঠানের ৪০টি বাস চলাচল করত। ২০০৯ সালে ফেরি চরে আটকে যাওয়ার অজুহাত দেখিয়ে বিআইডব্লিউটিএ এই পথে ফেরি চলাচল বন্ধ করে দেয়। তখন থেকে ঢাকা-শরীয়তপুর সড়কের যানবাহন মাওয়া-কাঁঠালবাড়ী নৌপথ দিয়ে চলাচল শুরু করে। এই নৌপথে ১০ কিলোমিটার অতিরিক্ত ঘুরে চলাচল করতে হয়। এ কারণে তখন থেকেই ঢাকা-শরীয়তপুর সড়কে বাস চলাচল কমে যেতে থাকে। এখন সারা দিনে গ্লোরী পরিবহনের একটি বাস ঢাকা থেকে ও শরীয়তপুর থেকে একই পরিবহনের অপর একটি বাস একবার ছেড়ে আসে। এ কারণে ঈদে ঘরমুখী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গোঁসাইরহাট উপজেলার ইদিলপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে গুলিস্তান থেকে বাসে উঠেছি। মাওয়ায় এসে ট্রলারযোগে পদ্মা নদী পার হয়ে শরীয়তপুর ঘাটে পৌঁছেছি। এখান থেকে বাসযোগে আমাদের শরীয়তপুরে গিয়ে নামতে হবে। গোঁসাইরহাট যাওয়ার জন্য আবার বাসে উঠতে হবে। আগে ঢাকা থেকে বাসে উঠে সরাসরি গোঁসাইরহাট গিয়ে নামতাম।’ঢাকা-শরীয়তপুর সড়কের যাত্রী আহসান উল্লাহ ও নুরুল আমিন বলেন, ‘ফেরি চলাচল বন্ধ থাকায় ঈদে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি আসতে আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়। গন্তব্যে পৌঁছাতে তিনবার বাস বদল করতে হয়। ঝুঁকি নিয়ে ট্রলারে করে পদ্মা নদী পার হতে হয়েছে। ফেরি চলাচল চালু থাকলে সরাসরি বাসে চলে যেতে পারতাম।’গ্লোরী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হক বলেন, মাওয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা-শরীয়তপুর সড়কপথে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের ফেরি দিয়ে চলাচল করার কারণে শরীয়তপুর থেকে ঢাকায় পৌঁছাতে সারা দিন লেগে যায়। এতে পরিবহনমালিকদেরও লোকসান গুনতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) মাওয়া বন্দরের উপমহাব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, ‘শরীয়তপুরের সব যানবাহন কাঁঠালবাড়ী নৌপথ হয়ে যাতায়াত করে। বিআইডব্লিউটিএ যদি মঙ্গলমাঝি নৌপথে ফেরি-সেবা চালু করতে চায়, তাহলে আমরা ফেরি সরবরাহ করব।’বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (বন্দর) বদরুল আলম বলেন, ‘২০০৯ সালে মাওয়া-মঙ্গলমাঝি নৌপথে ফেরি চলাচল কেন বন্ধ করা হয়েছে, তা আমার জানা নেই। তবে এ অঞ্চলের মানুষ ফেরি-সেবা পুনরায় চালু করার জন্য আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।’