লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই দিন ধরে যাত্রীবাহী বাস, ট্রাকসহ দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। ভোলার ইলিশা ফেরিঘাটে কালবৈশাখীতে র্যাম ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ভোলার যাত্রী মরিয়ম বেগম, ইলিশা ঘাটের আবুল কাশেম ও চরফ্যাশনের মুনছুর আহমদ বলেন, ফেরি না চলায় মজুচৌধুরীরহাট ঘাটে নারী-শিশুসহ শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফেরি চলাচল বন্ধ থাকলেও পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়া নিয়ে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালীগামী যাত্রীদের মজুচৌধুরীরহাট ঘাটে নিয়ে আসেন। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বাসের চালক ও তাঁর সহকারীর সঙ্গে যাত্রীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটছে।
বিআইডব্লিউটিএর সারেং আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ঝড়ে ছিঁড়ে যাওয়া র্যাম দ্রুত সংস্কার করা হচ্ছে।
গত সোমবার বিকেলে কালবৈশাখী শুরু হলে বাতাসের চাপে ও ঢেউয়ের তোড়ে ভোলার ইলিশা ফেরিঘাটের র্যাম ছিঁড়ে নদীতে পড়ে যায়।