
খারাপ আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফেরি পারাপারে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে। এ কারণে বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুই ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।
ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরি পারাপারে দ্বিগুণের বেশি সময় লাগছে। আজ সন্ধ্যা পর্যন্ত দুই ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল প্রায় ১২ শতাধিক ছোট-বড় যানবাহন। গত বৃহস্পতিবার রাত থেকে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। নদীতে তীব্র বাতাস ও ঢেউ থাকায় ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে যেতে স্বাভাবিক অবস্থায় যেখানে ৪৫-৫৫ মিনিট সময় লাগত, সেখানে এখন দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে।
ট্রাকচালক মো. সুজন প্রথম আলোকে বলেন, ‘শুক্রবারসহ আজকে চার দিন হয় শিমুলিয়া ঘাটে আছি। আমরা ঘাটে বৃষ্টিতে ভিজে, কোনো রকম খেয়ে না খেয়ে কাটাচ্ছি। আমাদের কাছে যে টাকা ছিল, তা-ও শেষ। ঘাটের ভাড়াটাও নাই।’
ট্রাকচালক বাবুল শিকদার প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর থেকে আজকে শুক্রবার পর্যন্ত রাস্তায় ট্রাক নিয়ে বসে আছি। মালামাল নিয়ে বরিশাল যেতে হবে। কে জানে কখন আমরা পার হইতে পারমু। ফেরিঘাটে কিছু হইলেই আমাদের ট্রাকগুলোরে আটকাইয়া দেয়।’
শিমুলিয়া ঘাটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. কাজল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল প্রায় বন্ধই ছিল। এ কারণে ঘাটে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। পূজার ছুটি থাকায় চাপের মাত্রা আরও অনেক বেশি। তাই ঘাটে ছোট-বড় সব মিলিয়ে সাড়ে সাত শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
কাঁঠালবাড়ি ঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকার বলেন, ‘আমাদের পাড়ে সকালে যানবাহনের কিছুটা চাপ ছিল। আমরা বাস ও ছোট গাড়ি আগে প্রাধান্য দিয়ে পার করেছি। তবে এখনো পারাপারের জন্য সাড়ে তিন শর বেশি মালবাহী ট্রাক অপেক্ষমাণ আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের বাণিজ্য ব্যবস্থাপক মো. আলীমুজ্জামান আজ রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৮টি ফেরির মধ্যে মাত্র ১০টি ফেরি ব্যবহার করা হয়েছে। প্রচুর বৃষ্টি এবং নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত থাকায় ফেরিগুলোকে খুব সাবধানে চলাচল করতে হচ্ছে। ফেরি চলাচলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগছে। তাই ঘাট এলাকায় কিছুটা দুর্ভোগ বেড়েছে।