ফেরি চলাচল ব্যাহত, যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে খনন কার্যক্রম গতকাল সোমবারও শুরু করা যায়নি। নৌপথ (চ্যানেল) স্বাভাবিক না হওয়ায় এ নিয়ে টানা চার দিন সেখানে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে ভিড়তে গিয়ে প্রচণ্ড স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রো রো ফেরি ঘাটে ধাক্কা দেয়। এতে পন্টুনের তার ছিঁড়ে র্যা ম ওপরে উঠে যায়। এ কারণে বিকেল পর্যন্ত ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠা-নামা বন্ধ ছিল। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও যানজট দেখা দিয়েছে।
মুন্সিগঞ্জে লৌহজং টার্নিং পয়েন্টে পলি পড়ে নাব্যতা-সংকট সৃষ্টি হওয়ায় গত শুক্রবার থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচলে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই পথে ১৮ ফেরির মধ্যে ছোট আকারের মাত্র দুটি ফেরি চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন কর্মকর্তা জানান, স্রোতের বিপরীতে বিআইডব্লিউটিএর খননযন্ত্র দিয়ে খনন করা সম্ভব হচ্ছে না। তাই নির্মাণাধীন পদ্মা সেতুর ড্রেজিংয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুর ড্রেজিংয়ের দায়িত্বরত প্রতিষ্ঠান সিনো হাইড্রো ও সেতু বিভাগের প্রকৌশলীসহ বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথ পরিদর্শন করেন। বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান জানান, আজ (মঙ্গলবার) বিশেষজ্ঞ দল আবার জরিপ করার পরে খননকাজ শুরু করা হবে।
প্রত্যক্ষদর্শী ও শিমুলিয়াঘাটের বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।
এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় ও স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা পৌনে দুইটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ভেড়ার চেষ্টা করছিল। প্রচণ্ড স্রোত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি প্রচণ্ড বেগে পন্টুনে ধাক্কা দিলে পন্টুনের তার ছিঁড়ে র্যা ম ওপরে উঠে যায়। এতে পন্টুনের ধাক্কায় একটি মুদি দোকান ভেঙে মালামাল নদীতে পড়ে যায়। বন্ধ হয়ে যায় ফেরিতে যানবাহনের ওঠা-নামা।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই অঞ্চলের অনেক যানবাহন দৌলতদিয়ায় এসে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ জটে আটকা পড়ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ৩ নম্বর ঘাটটি সন্ধ্যার আগেই চালু করা যাবে।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া নৌপথে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়ায় পাটুরিয়া ঘাটে দুদিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ঘাট ছেড়ে পাটুরিয়া-উথলী সড়কের চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হচ্ছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাক (বাণিজ্য) জিল্লুর রহমান জানান, দুর্ভোগ কমাতে যাত্রীবাহী কোচগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।