ফেরি চলাচল ব্যাহত শত শত যান আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়সহ বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি ফেরি ও একটি ঘাট বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত মঙ্গলবার ও গতকাল বুধবার উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ভারী কুয়াশা পড়ায় নৌযান চলাচল ব্যাহত হয়। পরে সাড়ে চারটার দিকে অতিমাত্রায় কুয়াশা পড়তে থাকলে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়। তবে প্রবল বাতাস থাকায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঝড়ে দৌলতদিয়ার ২ নম্বর ঘাটের র্যা ম সরে যায়। এ কারণে ঘাটটি বন্ধ থাকে। রাত একটার পর ঘাটটি আবার চালু করা হয়।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৭টি ফেরি নিয়মিত চললেও দুই মাস আগে যান্ত্রিক ত্রুটিতে নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠানো রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গতকাল দুপুরে রুটের বহরে এসে যোগ দেয়। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ২৪ মার্চ রোরো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ২৩ মার্চ প্রপেলার সমস্যায় ইউটিলিটি ফেরি মাধবীলতা বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রয়েছে। ২৬ মার্চ থেকে রোরো ফেরি শাহ মখদুমের একটি ইঞ্জিনে ত্রুটি হলে ফেরিটি একটি ইঞ্জিন নিয়ে চলাচল করছে। তবে নদীতে বাতাস শুরু হলেই ফেরিটি বন্ধ রাখতে হয়।
এদিকে সম্প্রতি ঝড়ে দৌলতদিয়ার সব কটি ঘাট (চারটি) কমবেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিআইডব্লিউটিএ পর্যায়ক্রমে একটি করে বন্ধ রেখে সংস্কারকাজ করছে। গত রোববার বন্ধ ৩ নম্বর ঘাট সংস্কার শেষে চালু করলেও ওই দিন বেলা তিনটা থেকে ১ নম্বর ঘাট বন্ধ রেখে সংস্কারকাজ শুরু করে। ঘাটটি বন্ধ রয়েছে। এ ছাড়া সোমবার বিকেলে প্রচণ্ড বাতাস হলে ৩ নম্বর ঘাটে ভিড়তে গিয়ে রোরো ফেরি আমানত শাহর ধাক্কায় পকেটের কবজা ভেঙে যায়। ওই পকেটটি বন্ধ রয়েছে। এসব কারণে উভয় ঘাটে আট শতাধিক গাড়ি আটকা পড়ে। গত মঙ্গলবার দৌলতদিয়া ঘাট সড়কে পণ্যবাহী অন্তত ৩০০ ট্রাক ও যাত্রীবাহী শতাধিক বাসসহ অন্যান্য গাড়ি আটকে ছিল। পাটুরিয়া ঘাটেও তিন শতাধিক যান আটকা থাকে। গতকালও কয়েক শ গাড়ি আটকা পড়ে।