ফেরি চলাচল স্বাভাবিক হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবারও নাব্যতা-সংকট ও ফেরি চলাচল পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ধারণক্ষমতার অর্ধেক লোড নিয়েও এদিন একটি রো রো (বড়) ফেরি দৌলতদিয়া চ্যানেলে আটকা পড়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে কয়েকটি ছোট ও চারটি বড় ফেরিতে খুব কম লোড নিয়ে কোনো রকমে পণ্যবাহী কিছু ট্রাক পারাপার করা হচ্ছে। দূরপাল্লার বাসের পারাপার এখনো বন্ধ রয়েছে। উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে প্রায় ৭০০ পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানায়, নাব্যতা-সংকট ও প্রবল স্রোতের কারণে ২৫ আগস্ট থেকে দৌলতদিয়া চ্যানেলে দফায় দফায় ফেরি আটকা পড়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। সংকট নিরসনে ৩০ আগস্ট থেকে চ্যানেলটির পাশে আরেকটি বিকল্প চ্যানেল তৈরিতে খননকাজ শুরু হয়।
কিন্তু স্রোতের কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে। খনন চালালেও স্রোতে উজান থেকে পলি ও বালু এসে চ্যানেলে জমা হয়ে আবারও পানির গভীরতা কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে ১ সেপ্টেম্বর থেকে নৌপথটিতে যাত্রীবাহী বাসের পারাপার বন্ধ রয়েছে। তবে ছোট ফেরি কুমারী, কেতকী, কামেনী ও কাবেরী দিয়ে চার-পাঁচটি করে পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।
সূত্র আরও জানায়, ওই চারটি ছোট ফেরির পাশাপাশি গতকাল সকাল ১০টার দিকে বড় ফেরি শাহজালাল দিয়ে কম লোডে ট্রাক ও ছোট গাড়ি পারাপার শুরু হয়। দুপুর ১২টার দিকে শাহ আলী, কেরামত আলী, ভাষাশহীদ বরকত ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান—এই চারটি বড় ফেরিও অনেক কম লোড নিয়ে চলাচল শুরু করে।
একই সময়ে পাটুরিয়া থেকে শাহজালাল ফেরি মাত্র আটটি ট্রাক ও ১২টি ছোট গাড়ি নিয়ে ছেড়ে আসার পর দৌলতদিয়ার অ্যাপ্রোচ চ্যানেলে প্রবেশ করামাত্র স্রোতে কয়েক শ ফুট ভাটিতে গিয়ে ডুবোচরে আটকা পড়ে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারী জাহাজ টাগবোট-৩৯৪ ও আশা-২ দিয়ে চেষ্টা করেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা প্রথম আলোকে বলেন, বর্তমানে চারটি ছোট ছোট ফেরিতে অর্ধেক এবং চারটি বড় ফেরিতে এক-তৃতীয়াংশ লোড দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।