
নাব্যতা-সংকট না কাটায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এখনো ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। এতে এই নৌপথের দুই প্রান্তে ঘাটে পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। তবে দৌলতদিয়ায় বিকল্প চ্যানেল খুলে ফেরি চলাচল স্বাভাবিক করতে গতকাল মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নৌ চ্যানেল পরিদর্শন করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা ও যমুনায় পানি বাড়ায় এবং কিছু খননকাজের কারণে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে কম গাড়ি নিয়ে ফেরিগুলো চলাচল করছে। তব বেশি পণ্যবোঝাই ট্রাক আনা-নেওয়া করতে পারছে না ফেরিগুলো। তিন দিন আগে যশোর থেকে গরু নিয়ে ফেনীর উদ্দেশে রওনা হন ট্রাকচালক রাজু আহমেঞ্চদ। যান্ত্রিক ত্রুটির কারণে পথেই এক দিন কেটে যায়। গতকাল বেলা আড়াইটা থেকে তাঁর ট্রাক ঘাটে আটকে আছে। গরুর ব্যাপারী নিজামদ্দিন বলেন, রাস্তায় আটকে থেকে তাঁর কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঘাট থেকে তিনি এখনো এক কিলোমিটার দূরে আছেন। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ছয়টি রো রো ফেরির একটি বিকল থাকায় পাঁচটি ফেরি ও চারটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরির স্বল্পতার কারণে উভয় ঘাটে গাড়ি আটকে আছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার গতকাল চ্যানেল পরিদর্শন করেন। এ সময় রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান, পুলিশ সুপার মো. রেজাউল হক, বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশলী ফিরোজ আহমেদ, সচিব মাহবুবুর রহমান, খনন বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকৌশলী আবদুল মতিন বলেন, গত নয় দিনে পদ্মা ও যমুনায় ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে। একই সঙ্গে তীব্র স্রোতে দৌলতদিয়া চ্যানেলে পলি-বালুও পড়েছে প্রায় সাত ফুট। এ অবস্থায় চ্যানেল ঠিক রাখতে বেসিনে খননকাজ চালানোর পাশাপাশি পুরোনো আপ চ্যানেলে গত সোমবার থেকে খনন শুরু হয়েছে। কিন্তু স্রোতের তীব্রতায় ৩০০ ফুটের বেশি খনন করা সম্ভব হবে না। চ্যানেলটি প্রাথমিকভাবে ২৪০ ফুট প্রশস্ত ও ১২ ফুটের মতো গভীর হবে।পরিদর্শন শেষে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেন, ‘দৌলতদিয়ার উজানে নদীভাঙনে এক মাসে কয়েকটি গ্রামের প্রায় তিন হাজার পরিবার গৃহহারা হয়েছে। এসব বসতভিটার মাটি, গাছপালা ও আসবাব স্রোতে চ্যানেলে এসে ভরাট হচ্ছে। চ্যানেল ঠিক রাখতে আমরা স্রোতের মধ্যেও খননের চেষ্টা চালিয়েছি। তেমন লাভ হয়নি বলে পরীক্ষামূলকভাবে স্রোতের ভাটিতে বিকল্প পদ্ধতিতে চ্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে সফল হলে ঈদের আগেই বিকল্প চ্যানেল তৈরি রাখা হবে, যাতে কোনো সমস্যা না হয়।’