মাওয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল গতকাল শুক্রবারও স্বাভাবিক হয়নি। উভয় নৌপথের ফেরিঘাটে যাত্রীবাহী যানবাহন ও ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা।
পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় গতকাল মাওয়া-কাওড়াকান্দি নৌপথে চারটি ফেরি বন্ধ রাখা হয়। তবে নতুন করে কোথাও ভাঙেনি। মাওয়ার ১ ও ২ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরি চলাচল করেছে।
গতকাল ২ নম্বর ঘাট দিয়ে রো রো ফেরিগুলো চলাচল শুরু করেছে। ১৬টি ফেরির মধ্যে গতকাল ১২টি চলাচল করেছে। গতকালও মাওয়া-কাওড়াকান্দি ও মাওয়া-মাঝিকান্দিপথে ৬৫ ফুটের নিচে ছোট লঞ্চ চলাচল করেনি।
পদ্মার ভাঙনে বিলীন হওয়া মাওয়ার ৩ নম্বর ফেরিঘাটটি িস্পডবোট ঘাটের কাছে নতুন করে নির্মাণ করা হচ্ছে। গতকালও কাজ অব্যাহত ছিল।
গতকাল ক্ষতিগ্রস্ত ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সাংবাদিকদের কাছে তিনি কোনো মন্তব্য করেননি।
পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত : নদীতে প্রবল স্রোত থাকায় গতকাল পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত পাটুরিয়া ঘাটে চার শতাধিক ট্রাক ও শতাধিক যাত্রীবাহী কোচ পারাপারের অপেক্ষায় ছিল। এসব যানবাহনের দীর্ঘ সারি ঢাকা-পাটুরিয়া সড়কের দুপাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল।