নাব্যতা-সংকট ও প্রচণ্ড স্রোতের কারণে ১১ দিন ধরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল কার্যত বন্ধ আছে। এদিকে নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা-সংকট নিরসনে শক্তিশালী খননযন্ত্র দিয়ে আজ সোমবার থেকে খননকাজ শুরু করার কথা রয়েছে।
স্থানীয় লোকজন বলেন, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল কার্যত বন্ধ। দুটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা করা হচ্ছে। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। লৌহজং টার্নিং পয়েন্টে পলি জমে নাব্যতা-সংকট সৃষ্টি হলে ২১ আগস্ট থেকে এ পথে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে রো রো ফেরিসহ ১৮টি ফেরি আছে। নাব্যতা-সংকটের কারণে রো রো ফেরিসহ মাঝারি ১৬টি ফেরি চলতে পারছে না। ফেরি পারাপার বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জট লেগে গেছে।
বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, প্রচণ্ড স্রোতের কারণে সিনোহাইড্রো তাদের জরিপকাজ সম্পন্ন করতে পারেনি। এখন জরিপ ও খনন দুটি একসঙ্গে চলবে। সবকিছু ঠিক থাকলে সোমবার নাগাদ খননকাজ শুরু হতে পারে।