ফেরি চলে পানি সেচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালনা ফেরিঘা​েট তলায় ছিদ্র নিয়ে চলাচলকারী ফেরি থেকে প্রতিদিন এভাবেই পানি সেচে ফেলা হয়। তলায় ছিদ্র থাকায় পানি উঠে ঝুঁকিপূর্ণ হ​​েয় পড়া ফেরিগু​েলা ​িদ​েয়ই পারাপার করা হয় যানবাহন l প্রথম আলো
কালনা ফেরিঘা​েট তলায় ছিদ্র নিয়ে চলাচলকারী ফেরি থেকে প্রতিদিন এভাবেই পানি সেচে ফেলা হয়। তলায় ছিদ্র থাকায় পানি উঠে ঝুঁকিপূর্ণ হ​​েয় পড়া ফেরিগু​েলা ​িদ​েয়ই পারাপার করা হয় যানবাহন l প্রথম আলো

মধুমতী নদীর কালনা ফেরিঘাট। এই ঘাটের পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া এবং পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এই ফেরিঘাটে তলদেশে ছিদ্র নিয়ে চলাচল করছে ফেরি। তলদেশের ছিদ্র দিয়ে উঠে যাওয়া পানি সেচে সেচে চালাতে হয় এ ঘাটের ফেরি দুটি।
এ রকম ঝুঁকিপূর্ণ ফেরি দিয়েই পারাপার হচ্ছে যানবাহন। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও পরিস্থিতি পরিবর্তনে কর্তৃপক্ষের কোনো জোরালো উদ্যোগ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ফেরিকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘাটে দুটি ফেরি চলাচল করে। এগুলো হলো ইউটিলিটি টাইপ-১-এর ১৪ ও ১৬ নম্বর ফেরি। এর মধ্যে ১৪ নম্বর ফেরিটির তলদেশে অসংখ্য ছিদ্র থাকায় পানি উঠে গত ১৮ জুন গভীর রাতে ছয়টি ট্রাকসহ এটি ডুবে গিয়েছিল। পরে ওই ফেরিটি উদ্ধার করে বর্তমানে আবার যানবাহন পারাপার করা হচ্ছে। ১৬ নম্বর ফেরির তলদেশেও ১৪ নম্বরের মতো অসংখ্য ছিদ্র। বর্তমানে দুটি ফেরিতেই বড় আকারের নয়টি করে গাড়ি পারাপার করা হচ্ছে।
সূত্রটি আরও জানায়, ১৪ নম্বর ফেরিটি ডুবে যাওয়ার এক সপ্তাহ পরে ইউটিলিটি টাইপ-১-এর ০০৫ নম্বর নামের একটি ফেরি এ ঘাটে আনা হয়েছিল। ১৯৮৬ সালে নির্মিত এই ফেরিটি ১২টি বড় গাড়ি পারাপারে সক্ষম। কিন্তু এটির আবার ইঞ্জিন নেই। তাই এ পর্যন্ত ঘাটেই বাঁধা রয়েছে।
ফেরিচালক নজরুল ইসলাম বলেন, প্রতিদিন দুই থেকে তিনবার পানি সেচে তারপর ফেরিটি চালাতে হচ্ছে। আর ১৪ নম্বর ফেরিটি চালাতে সেচ দিতে হয় কয়েক দিন পর পর। এই দুটি ফেরিই ১৯৮৫ সালে নির্মিত।
স্থানীয় লোকজন, যানবাহনের মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ফেরিঘাট দিয়ে ঢাকার সঙ্গে স্থলবন্দর বেনাপোল, যশোর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, ঝিনাইদহ এবং শিল্প ও বাণিজ্যিক শহর নওয়াপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার দূরত্ব অনেক কমে আসে।
ঘাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এভাবে জোড়াতালি দিয়ে চলা ফেরিতে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করতে হচ্ছে। এতে ডিজেলও বেশি খরচ হয়।’
গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ‘এটি একটি ব্যস্ত ঘাট। এখানে নতুন বড় ফেরি দরকার। কিছুদিন আগে আনা ০০৫ নম্বর ফেরিটিতে একটি পুরোনো ইঞ্জিন বসানোর কাজ চলছে।’