ফেরি থেকে ধরে জুয়াড়িকে সাজা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ফেরি থেকে হোসেন শিকদার (৩০) নামের এক জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া নৌ-ফাঁড়ির পুলিশ গত বুধবার রাতে তাকে আটক করে। রাতেই তাকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দেন।
িআইডব্লিউটিসি ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত পৌনে আটটার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। এটিতে চার জুয়াড়ি ফেরিটিতে উঠে পড়ে। বিষয়টি দৌলতদিয়া নৌ-পুলিশকে জানানো হয়। ফেরিটি ঘাটে পৌঁছামাত্র পুলিশ অভিযান চালালে তিন জুয়াড়ি নদীতে লাফ দেয়। একপর্যায়ে পুলিশ হোসেন শিকদারকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাঁর কাছ থেকে ৩৩০ টাকা ও ইন্দোনেশিয়ার ১০ হাজার রুপিয়ার একটি নোট উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরিতে কয়েকজন জুয়াড়ি উঠেছে বলে তাঁকে পাটুরিয়াঘাট থেকে জানানো হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি মুঠোফোনে দৌলতদিয়া নৌ-পুলিশকে জানান।
দৌলতিদয়া নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, পুলিশ সদস্যদের নিয়ে তিনি ১ নম্বর ইউটিলিটি ঘাটের আশপাশে অবস্থান নেন। ফেরিটি ঘাটে ভেড়ামাত্র তাঁদের দেখে তিন জুয়াড়ি নদীতে লাফ দিলেও হাতেনাতে হোসেন শিকদার নামের এক জুয়াড়িকে আটক করা হয়। হোসেনের তথ্য অনুযায়ী ফেরিতে তাঁর সঙ্গে হারুন, মান্নান ও হাবু মোল্লা নামের তিন জুয়াড়ি ছিল। রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ হোসেন শিকদারকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড দেন।