বরিশাল-বাকেরগঞ্জ-বাউফল সড়কের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড ফেরিঘাটে ফেরি নেই। এ কারণে প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে ঝুঁকি নিয়ে নৌকা-ট্রলারে নদী পার হয়ে অন্য পারে আরেক গাড়িতে করে এই সড়কে যাতায়াত করতে হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি হচ্ছে।এলাকাবাসী, গাড়িচালক ও যাত্রীদের অভিযোগ, ফেরি না থাকায় দুর্ভোগে পড়ে যাত্রীরা। নদীর এক প্রান্তে পন্টুন ও গ্যাংওয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে দাবি করেও ফেরি পাওয়া যায়নি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বরিশাল-বাকেরগঞ্জ-বাউফল-দশমিনা সড়কের ডিসি রোড ফেরিঘাটে কারখানা নদীতে ২০০৬-২০০৭ সালে এলজিইডির এক প্রকল্পের আওতায় একটি ফেরি দেওয়া হয়। ছয় মাস পর ফেরিটি চলাচল বন্ধ হয়ে যায়।সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ফেরি বিভাগ বলছে, সড়কটি এলজিইডির অধীন। তাই তাদের পক্ষে ফেরি দেওয়া সম্ভব হচ্ছে না। সড়কটি তাদের নামে হস্তান্তর করলে সমস্যার সমাধান হতে পারে। এলজিইডি বলছে, তাদের নিজস্ব ফেরি বিভাগ নেই। তাই ফেরি চালানো সম্ভব হচ্ছে না। কারখানা নদীর ফেরিঘাটে সরেজমিনে দেখা গেছে, নদীর এক প্রান্তে ফেরির পন্টুন পড়ে রয়েছে। ফেরি চলাচল না করায় যাত্রীরা ছোট্ট নৌকা ও ট্রলারে করে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। ফেরিঘাটে কথা হয় এই পথে চলাচলকারী যাত্রী, গাড়িচালক, ঘাট ইজারাদারসহ বিভিন্ন লোকের সঙ্গে। যাত্রী প্রণব সাহা জানান, ফেরি না থাকায় তাঁকে নৌকায় করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। মো. ইউনুস জানান, একসময় এই নদীতে একটি ফেরি দেওয়া হয়। পরবর্তীকালে কার নির্দেশে সেটি সরিয়ে নেওয়া হয়েছে, তা তিনি জানেন না। এই নদী পার হতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রী শফিকুর রহমান বলেন, এপ্রিল থেকে নদী উত্তাল থাকে। তখন নৌকা-ট্রলারে নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়ে। ঘাট ইজারাদার স্বপন হাওলাদার জানান, ফেরি না থাকায় এই সড়কে গাড়ি সরাসরি চলাচল করতে পারে না। আবদুল্লাহ পরিবহনের চালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই সড়কে দুই শতাধিক গাড়িতে প্রতিদিন অন্তত ১০ হাজার যাত্রী চলাচল করে। চালক মো. মাসুম বলেন, ‘ফেরি না থাকায় আমরা সরাসরি যাত্রী পরিবহন করতে পারি না।’ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ফেরি বিভাগ বরিশালের উপসহকারী প্রকৌশলী আওলাদ আলী মল্লিক বলেন, ‘আমাদের কাছে রাস্তাটি হস্তান্তর হলে অবশ্যই এর ব্যবস্থাপনা করা সম্ভব হবে।’ এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন খান বলেন, ‘একটি প্রকল্পের আওতায় ওখানে ফেরি দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের ফেরি বিভাগ না থাকায় রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। এখন বিষয়টি উপজেলা পরিষদের অধীনে রয়েছে।’