ফেরি না পেয়ে বিকল্প পথে ছুটছে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় প্রবল স্রোত অব্যাহত থাকায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় জট পেকেছে পণ্যবাহী গাড়ির। যদিও আজ থেকে তারা বিকল্প পথ ব্যবহার করছে। ফলে টার্মিনালগুলো আগের তুলনায় অনেকটা ফাঁকা হয়ে আসছে। ছবি: প্রথম আলো
পদ্মায় প্রবল স্রোত অব্যাহত থাকায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় জট পেকেছে পণ্যবাহী গাড়ির। যদিও আজ থেকে তারা বিকল্প পথ ব্যবহার করছে। ফলে টার্মিনালগুলো আগের তুলনায় অনেকটা ফাঁকা হয়ে আসছে। ছবি: প্রথম আলো

পদ্মায় প্রবল স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত থাকায় উভয় পাড়েই আটকা পড়েছিল কয়েক শ পণ্যবাহী ট্রাক। ফেরিতে পারাপারের জন্য পণ্যবাহী ট্রাকের চালকেরা টানা কয়েক দিন অপেক্ষায় থাকার পর অবশেষে তাঁরা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দিকে যাওয়া শুরু করেছেন। ফলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের টার্মিনালগুলো আগের তুলনায় অনেকটা ফাঁকা হয়ে আসছে।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে তিন দিন ধরে সন্ধ্যা ৭টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। দিনের বেলায় থেমে থেকে চলছে মাত্র ৬টি ফেরি। তবে স্বাভাবিক আছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। প্রবল স্রোত আর বড় বড় ঢেউ সামলে অনেকটা ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি কার্যালয় সূত্র জানায়, পদ্মা নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে প্রবল স্রোত। মাঝ পদ্মায় বেড়েছে ঢেউ। পদ্মার পানি বিপৎসীমার ওপরে থাকায় উভয় ঘাটের বেশির ভাগ পন্টুনের চারপাশ তলিয়ে যায়। ইট-বালু ফেলে পন্টুন উঁচু করে উভয় পাড়ের চারটি ঘাটে সীমিত আকারে যানবাহন নামানো–ওঠানো হচ্ছে।

বর্তমানে এই নৌপথে চলাচলরত ১৫টি ফেরির মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকে চলছে রো রো দুটি, দুটি কে-টাইপ ও দুটি মাঝারি বর্ণের ফেরি। চলাচলরত এই ৬টি ফেরি পদ্মা পারাপারে এক ঘণ্টার বিপরীতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় নিয়ে পারাপার হচ্ছে।

দুপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাট ঘুরে দেখা যায়, ১ ও ৪ নম্বর ঘাটের পন্টুন পদ্মার পানিতে তলিয়ে যাওয়ায় এই দুটি ঘাট বন্ধ রাখা হয়েছে। ২ ও ৩ নম্বর ঘাট দিয়ে সব যানবাহন ফেরিতে নামানো–ওঠানো হচ্ছে। ফেরিগুলো খুবই সীমিত আকারে যানবাহন নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। পণ্যবাহী ট্রাকের জন্য নির্ধারিত ১, ২ ও ৪ নম্বর টার্মিনালে পণ্যবাহী ট্রাকের সংখ্যা আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। সংযোগ সড়কে ব্যক্তিগত গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ি নেই। বেশির ভাগ যাত্রী লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিচ্ছে।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ২ নম্বর টার্মিনালে টানা আট দিন আটকে থাকার পর বিকল্প নৌপথ ব্যবহার করে গন্তব্যে ছুটেছেন পণ্যবাহী ট্রাকের চালক সাইদুল কাজী। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘খুলনা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য কাঁঠালবাড়ি ঘাটে টানা ৮ দিন পার করেছি। দৈনিক অপেক্ষা করেছি। কিন্তু ফেরিতে ওঠার চান্সই পাই নাই। তাই আজ ভোরে দৌলতদিয়ার ফেরিঘাটের দিকে রওনা হয়েছি। বিকল্প নৌপথ ঘুরে আমাদের যেতে অনেক খরচ ও দুর্ভোগ পোহাতে হবে।’

বাশার মুনশি নামের আরেক ট্রাকচালক বলেন, ‘প্রতিটি ফেরিতে সর্বোচ্চ দুটি ট্রাক তোলে। বাকি সব ছোট গাড়ি। ঘাটের এ অবস্থায় এখানে বসে থাকলে দিনের পর দিন চলে যাবে, আমরা আর কেউ ফেরিতে উঠতে পারব না। কারণ টার্মিনালেই আটকা পড়েছে তিন শর বেশি গাড়ি। লাইনে আছে আরও শ খানেক। এত গাড়ি ফেরিতে কীভাবে পার করবে। তাই আমরা দুর্ভোগ মাথায় নিয়েই দৌলতদিয়া হয়ে যাচ্ছি।’

এ বিষয়ে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম বলেন, ‘স্রোতের কারণে আমরা ফেরিতে লোড বেশি নিতে পারছি না। তাই ট্রাকের জটলা ছিল। তবে আমরা শুরু থেকে তাদের বিকল্প নৌপথ ব্যবহার করতে বলেছি, তখন তারা যায়নি। গতকাল রাত থেকে আমরা দেখেছি আটকে থাকা কিছু গাড়ি বিকল্প নৌপথ ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পদ্মায় পানি আর স্রোত না কমলে আমরা স্বাভাবিকভাবে ফেরি চলাতে পারব না। তবে এই পরিস্থিতি কবে নাগাদ কাটবে, তা এখনো ঠিক করে বলাও যাচ্ছে না।’

আজ বিকেল সাড়ে ৪টায় কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, ফেরি কম চলায় আটকে পড়া শতাধিক গাড়ি বিকল্প নৌপথ ধরে পদ্মা পাড়ি দিচ্ছে। এরপরও তাদের ঘাটে প্রায় ৩০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।