বুধবার দুপুর সাড়ে ১২টা। মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের চারটি ঘাটের একটিতে ফেরি ছিল না। দীর্ঘ সময় ধরে ফেরিতে ওঠার জন্য অপেক্ষায় ছিল যাত্রীবাহী বাস, রোগীবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাকসহ ছোট-বড় অসংখ্য যানবাহন। নদী পারাপারের জন্য যাঁরা সেই সকালে ঘাটে এসেছিলেন, তাঁরা তখনো পার হতে না পেরে চরম দুর্ভোগে ছিলেন।
ঘাট কর্তৃপক্ষ বলছে, পদ্মায় তীব্র স্রোতের কারণে এই নৌপথে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ ধরনের ঘটনা এড়াতে সীমিত করা হয়েছে ফেরি চলাচল। যে ফেরিগুলো চলছে, সেগুলোতে ধারণক্ষমতার অর্ধেকসংখ্যক যানবাহন তোলা হচ্ছে।
বিআইডব্লিউটিসির ঘাট কার্যালয় সূত্র জানায়, পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরিগুলো নৌপথের চ্যানেল অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। সম্প্রতি স্রোতের কারণে তিনটি রো রো ফেরি নদীর মাঝপথে নিয়ন্ত্রণ হারায়। পদ্মা সেতুর তিনটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে সেতুর পিলার ও ফেরি তিনটি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন বেশ কয়েকজন যাত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে যত দিন পদ্মা নদীতে তীব্র স্রোত থাকবে, তত দিন ফেরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ ভারী যানবাহন তোলা হবে। এর বাইরে হালকা যানবাহন নেওয়া হবে। এতে ফেরি হালকা থাকবে, কমবে দুর্ঘটনার ঝুঁকি।
জানতে চাইলে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ বেলা একটায় প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধান্ত হয়েছিল, রো রো ফেরি বা বড় ফেরি চলবে না। আজ বুধবার সকালে সিদ্ধান্ত বদল হয়েছে। বড় ফেরি বা রো রো ফেরি চলবে। তবে ধারণক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে।’ তিনি আরও বলেন, আজ বেলা একটা পর্যন্ত আটটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে ছাড়া হয়েছে। এর মধ্যে ছোট কয়েকটি ফেরি নদীর ওপারে গিয়ে আবার বাংলাবাজার ঘাটে ফিরেছে। তবে অনেকগুলো ফেরি এখনো ফিরতে পারেনি। এ কারণে ঘাটে প্রচুর গাড়ির চাপ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ঘাটের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তীব্র স্রোতের কারণে তিন সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তখন থেকেই ফেরিগুলোয় ধারণক্ষমতার অর্ধেক যানবাহন নেওয়া হচ্ছে। ভারী যানবাহন খুব কম তোলা হচ্ছে। এই তিন সপ্তাহ ধরে একেকটি ফেরির এপার-ওপার আসা-যাওয়ায় চার থেকে সাড়ে চার ঘণ্টা লেগে যাচ্ছে। এর মধ্যেই দুর্ঘটনা ঘটছে। কারণ, স্রোতের বিপরীতে চলতে গিয়ে ফেরিগুলোর ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। কখনো কখনো ইঞ্জিনকক্ষে আগুনও ধরে যাচ্ছে। এত দিন কঠোর বিধিনিষেধ থাকায় যাত্রীবাহী বাসসহ যানবাহনের চাপ কিছুটা কম ছিল। বিধিনিষেধ শিথিল হওয়ায় পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
বুধবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, বাংলাবাজার ফেরিঘাটের চারটি সংযোগ সড়কে ছোট–বড় মিলিয়ে অপেক্ষায় আছে কয়েক শ যানবাহন। ঘাটের চারটি পন্টুনের একটিতেও কোনো ফেরি নেই। ফেরির জন্য অপেক্ষায় যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। সবচেয়ে করুণ পরিস্থিতিতে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো। বিকল্প নৌপথের দিকে ফিরে গেছে অনেকগুলো অ্যাম্বুলেন্স।
বরিশাল থেকে আসা অ্যাম্বুলেন্সচালক মোহাম্মদ মিসান হাওলাদার প্রথম আলোকে বলেন, ফেরি না পেয়ে খুব সমস্যায় আছেন। এক ঘণ্টার বেশি সময় ধরে বসে আছেন ঘাটে। ওদিকে রোগীর শরীরের অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। দ্রুত ঢাকায় না নিতে পারলে বিপদ হতে পারে। তবু কিছুই করা যাচ্ছে না।
গোপালগঞ্জ থেকে রোগীর সঙ্গে অ্যাম্বুলেন্সে এসেছেন স্বজন জাহাঙ্গীর। ঘণ্টাখানেক ঘাটে অপেক্ষা করেও ফেরি পাননি। তাঁর সঙ্গে থাকা রোগী সড়ক দুর্ঘটনার গুরুতর আহত। ব্যথায় কাতরাচ্ছিলেন। অন্য পথে গেলে অনেক সময় লেগে যাবে। তাই বাংলাবাজার ঘাটেই ছিলেন ফেরির অপেক্ষায়।
বাংলাবাজার ঘাটের দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ফেরি চলাচল সীমিত হওয়ায় ঘাটে কিছু যানবাহন আটকা পড়েছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলিয়ে সংখ্যাটা ৩০০। এর বাইরে অ্যাম্বুলেন্স ও ছোট গাড়ি রয়েছে অর্ধশতাধিক। বুধবার থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ নেই জানিয়ে তিনি বলেন, যাত্রীরা সবাই লঞ্চে পদ্মা পারাপার হচ্ছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক। ফেরিঘাটের অবস্থা স্বাভাবিক করতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।