বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা-লক্ষ্মীপুর নৌপথের দুই পারে ফেরি পার হওয়ার জন্য শত শত যান নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে তিন-চার দিন পর্যন্ত অপেক্ষা করছে। প্রায় এক মাস ধরে এ অবস্থা চলছে। ফেরির অপেক্ষায় থাকা ট্রাকচালক মো. জাকির হোসেন, আমির হোসেন, মনির হাওলাদার, রফিকসহ কয়েকজন জানান, বর্তমানে এই পথে দুটি ফেরি চলে—একটি কিষানী, অন্যটি কামেনী। গত বুধবার কামেনী ফেরিটিও নষ্ট হয়ে তিন দিন বন্ধ ছিল। এ রকম প্রায়ই ফেরি নষ্ট হয়ে সাত-আট দিন পড়ে থাকছে। এই পথে বিকল্প কোনো ফেরির ব্যবস্থা নেই। যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও ওষুধের গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ায় নিত্যপ্রয়োজনীয় মালামাল বহন করা ট্রাকগুলো আটকে আছে। ঘাটে বসে খেতে-ঘুমাতে বাড়তি এক-দেড় হাজার টাকা খরচ হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ১ থেকে ৫ জুলাই পর্যন্ত লক্ষ্মীপুর ফেরিঘাটে শতাধিক ট্রাক আটকে ছিল। এর কিছু গত সোমবার পর্যন্ত ছিল। একই অবস্থা ভোলার ইলিশা ফেরিঘাটেও। যাত্রীবাহী বাস সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছে। ট্রাক ও বাসচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ঘাটে এক মাস (জুন-জুলাই) ধরে নিত্যপ্রয়েজনীয় মালবাহী ট্রাক তিন-চার দিন পর্যন্ত অপেক্ষা করার পর ফেরি পার হচ্ছে। এতে তাঁদের খরচ বেড়ে যাচ্ছে। কিষানী ফেরির মাস্টার মুনসুর আহম্মেদ বলেন, আট-নয় মাস আগে হাইড্রোলিক সার্ভে করে যে নৌপথ তৈরি করা হয়েছিল, নদীভাঙনে তা নষ্ট হয়ে গেছে। ফলে ফেরি চলছে অনুমাননির্ভর পথে। রামদাসপুর চ্যানেলে চর পড়ায় ভাটার সময় ফেরি চ্যানেলের মুখে আটকে থাকে। চ্যানেলটির খনন করা জরুরি। ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটে কোনো হাই-ওয়াটার গ্যাংওয়ে নেই। শীতকালের জন্য নির্ধারিত লো-ওয়াটার গ্যাংওয়েটি বর্ষাকালে (বর্তমানে) জোয়ারের সময় ডুবে যায়। ফলে দিনে চার-পাঁচ ঘণ্টা গাড়ি ওঠানামা বন্ধ থাকে। এ ছাড়া লো-ওয়াটার গ্যাংওয়ে দিয়ে গাড়ি ওঠানামা করতে গিয়ে প্রায়ই যানগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। এ পথ চালুর পর থেকেই বয়াবাতি ও বিকন বাতির অভাবে রাতে ফেরি চলাচল করতে পারছে না। আর যে ফেরিগুলো চলছে, তার একটির বয়স শত বছরের কাছাকাছি। ফলে প্রায়ই বিকল হচ্ছে। এ পথে কমপক্ষে চারটি ফেরি দরকার।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ফেরিঘাটের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভুঁইয়া বলেন, এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিআইডব্লিউটিসির বরিশাল বিভাগীয় সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) গোপাল মজুমদার বলেন, নতুন ফেরি নির্মাণ করা হচ্ছে। তৈরি হলে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে দেওয়া হবে। অন্যদিকে হাইড্রোলিক সার্ভে গ্যাংওয়ে ডুবে যাওয়া, ডুবোচর খনন করার জন্য বিআইডব্লিউটিএকে বলা হয়েছে, তারা উদাসীনতার পরিচয় দিচ্ছে। বিআইডব্লিউটিএর ড্রেজিং বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশিকুল আলম বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’