ফেরি পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট নৌপথে ফেরি পারাপারের জন্য গাড়িপ্রতি অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, অতিরিক্ত ভাড়া দিয়েও সময়মতো এক ঘাট থেকে অন্য ঘাটে যেতে না পেরে ট্রাকচালকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় গত বুধবার দিবাগত রাতে ফেরির কর্মচারীদের সঙ্গে ট্রাকচালকদের হাতাহাতি হয়েছে।চালকদের অভিযোগ, ২৬০ থেকে ৩৬০ টাকা অতিরিক্ত ভাড়া দেওয়ার পরও ফেরি কর্তৃপক্ষ তাদের ইচ্ছামতো ফেরি চালাচ্ছে। এতে তাঁদের ট্রাকে থাকা কাঁচামাল পচে যাচ্ছে। ফেরি কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছে, যান্ত্রিক ত্রুটি থাকার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।মো. জাহাঙ্গীর আলম, মো. আলমগীর হোসেন, মো. জামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমানসহ ট্রাকের কয়েকজন চালক অভিযোগ করেন, সাধারণত এক ঘাট থেকে অন্য ঘাটে ফেরি পারাপারে বড় ট্রাকপ্রতি এক হাজার ৮৪০ টাকা ভাড়া। কিন্তু ফেরি কর্তৃপক্ষ ট্রাকপ্রতি দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ টাকা ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার পরও তাঁদের ট্রাক এক ঘাট থেকে অন্য ঘাটে নেওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে এক দিনে ট্রাক এক ঘাট থেকে অন্য ঘাটে যায়। কিন্তু ফেরির জন্য তাঁদের দুই দিন অপেক্ষা করতে হচ্ছে। গত বুধবার চারটি ট্রিপ দেওয়ার কথা থাকলেও মাত্র দুটি ট্রিপ দেওয়া হয়েছে। যাত্রীবাহী বাস, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনের চালকদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।চালকদের অভিযোগ, লক্ষ্মীপুর ঘাটে নূর হোসেন, চেয়ার আহমেদ ও সামসুদ্দিন এবং ভোলাঘাটে নজরুল ইসলাম, ইসমাঈল ও নূরে আলম তাঁদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।ইলিশা ফেরিঘাটের স্টাফ নজরুল ইসলাম বলেন, ‘আমরা ট্রাকচালকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করি না।’ ভোলা-লক্ষ্মীপুর ফেরিঘাটের ব্যবস্থাপক নূর ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এখানে তিনটি ফেরির জায়গায় দুটি আছে। এতে ট্রাক পারাপারে দেরি হয়। তিনি আরও বলেন, ‘ফেরির স্টাফরা নয়, ঘাটের কিছু লোক মসজিদের নামে চালকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন। আমি তাঁদের চাঁদা আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছি। নির্দেশ না শুনলে আইনানুগ ব্যবস্থা নেব।’