বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা-লক্ষ্মীপুর নৌপথের দুটি ফেরির একটি পাঁচ দিন ধরে বিকল হয়ে রয়েছে। ফলে ফেরিঘাটের দুই পাড়ে কয়েক শ যানবাহন আটকে রয়েছে। ঘাটে আটকা পড়া বাস-ট্রাকের চালকেরা বলেন, পাঁচ দিন ধরে যাত্রীবাহী বাস, নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই ট্রাক দিনের পর দিন ঘাটে আটকা পড়েছে। অনেক মালামাল পচে নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন যানের চালক ও যাত্রীরা ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন। বেশ কয়েকজন ট্রাকচালক অভিযোগ করেন, যেসব চালক ফেরির কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দিতে পারছেন, তাঁদের গাড়ি আগে পার করা হচ্ছে। যাঁরা ঘুষ দিতে পারছেন না, তাঁদের গাড়ি চার-পাঁচ দিন ধরে আটকে রয়েছে।বিআইডব্লিউটিসির ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভূইয়া ফেরির কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে বলেন, বর্তমানে এ নৌপথটি একটি ব্যস্ততম নৌপথ। এ পথ দিয়ে ১৬টি জেলার যান চলাচল করে। এ পথে মাত্র দুটি ফেরি চলাচল করছে। এর মধ্যে আবার কামেনী নামের শতাধিক বছরের পুরোনো ফেরিটি গত রোববার বিকল হয়ে যায়। এখন শুধু কিষানী নামক ফেরিটি দিয়ে যান পার করা হচ্ছে। ফলে দুই ঘাটে কয়েক শ যান আটকা পড়েছে। ফেরি না বাড়ালে এ সমস্যার সমাধান হবে না।