ফেরি বিকল ও ঝড়ে যান চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়-বৃষ্টির কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার দুপুরে এক ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যার দিকে পরপর চারটি ফেরি বিকল হওয়ায় দুই ঘাটে আটকা পড়েছে ছয় শতাধিক গাড়ি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, গতকাল বেলা দুইটার দিকে কালবৈশাখী ও বৃষ্টি শুরু হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া স্বাভাবিক হলে এক ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়। এ ছাড়া দৌলতদিয়ার চার নম্বর ইউটিলিটি ফেরিঘাটে সমস্যার কারণে যানবাহন ওঠানামা ব্যাহত হয়। ফলে দুপুর ১২টার দিকে ওই ঘাটটিকে দুই নম্বর ঘাটে স্থানান্তর করা হয়। ফলে চার নম্বর ঘাট দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে রো রো ফেরি কেরামত আলী, ভাষাশহীদ বরকত ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং কে টাইপ কাবেরীসহ চারটি ফেরি বিকল হয়ে পড়ে। সেগুলোকে পাটুরিয়ার ভাসমান কারখানায় নেওয়া হয়েছে। রাত সোয়া আটটা পর্যন্ত ফেরিগুলো ঠিক হয়নি। ওই পথের ইউটিলিটি ফেরি মাধবীলতা এক মাসেরও বেশি সময় ধরে বিকল হয়ে আছে। অন্যদিকে, ঝড়ের সময় পাটুরিয়া ঘাটের তিন নম্বর ঘাটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বড় ফেরি ভিড়তে পারছে না। কোনো রকমে ছোট ফেরি ভিড়লেও সেগুলো সাবধানে চলাচল করছে। ফেরি স্বল্পতা ও ঘাট সমস্যার পাশাপাশি দীর্ঘ সময় বন্ধ থাকায় উভয় ঘাটে রাত আটটা পর্যন্ত অন্তত ছয় শতাধিক গাড়ি আটকে পড়ে। দৌলতদিয়া ঘাটে গাড়ির লাইন ফেরিঘাট ছেড়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ হয়। এতে দুর্ভোগের শিকার হন হাজারো মানুষ।