ঈদ এলেই ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ফেরিগুলো ঘন ঘন বিকল হচ্ছে। চালক ও যাত্রীদের অভিযোগ, একই ঘাট থেকে ছেড়ে যাওয়া সি-ট্রাকের ইজারাদার, লঞ্চ ও ইঞ্জিন নৌকার মালিকদের সঙ্গে আঁতাত আছে ফেরিঘাট ব্যবস্থাপক ও ফেরির মাস্টারদের। তাঁরা কৃত্রিমভাবে ফেরি বিকল ও চরে উঠিয়ে রাখছেন। মাঝখান থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।বর্তমানে ‘কপোতী’ নামের একটি ফেরি চলাচল করছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, দুই পাড়ে শতাধিক যাত্রীবাহী বাস ও মালবাহী যান আটকে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, এ পথে ‘কামেনী’, ‘কিষাণি’ ও ‘কস্তুরী’ নামের আরও তিনটি ফেরি চলাচল করত। চলতি মাসের শুরুর দিকে কামেনী নষ্ট হলে ডকইয়ার্ডে পাঠানো হয়। ১৬ আগস্ট কিষাণি ফেরিটি চরে আটকে যায়। ফেরিটি এখনো চরে আটকে আছে। মাওয়া ঘাট থেকে ২২ আগস্ট কপোতী ফেরিটি আসে। এরপর ২৪ আগস্ট কস্তুরী ফেরিটি বিকল হয়ে যায়।চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের কর্মচারী এনামুল হক বলেন, ‘সকাল আটটায় ভোলা-ইলিশা ফেরিঘাটে এসেছি। সাড়ে আটটায় ফেরি থাকার কথা থাকলেও তা দুইটার সময় ছাড়বে। কিন্তু দুইটার সময়ও ফেরি আসেনি। কখনো যাত্রীদের নিয়ে টানা এক দিন এক রাত ফেরিঘাটে থাকতে হয়।’একই ফেরিঘাটে আটকে থাকা ট্রাকচালক মো. কামাল, রনি, শাজাহান, ইয়াছিন, বশির, নজরুল ইসলাম, মামুন, মুনসুর জানান, তাঁরা চার দিন ধরে ফেরিঘাটে আটকে আছেন। পুরো রোজার মাস এ পথে ফেরি বিকল হচ্ছেই। ফেরিঘাট এলাকার রেস্তোরাঁগুলোতে অতিরিক্ত মূল্যে খাবার কিনতে হচ্ছে। এলাকায় কোনো নিরাপত্তা নেই।একাধিক বাস ও ট্রাকচালক এবং যাত্রীরা অভিযোগ করেন, ফেরির মাস্টাররা সি-ট্রাকের ইজারাদার, লঞ্চ ও ইঞ্জিন নৌকার মালিকদের সঙ্গে আঁতাত করে বারবার ফেরি বিকল করছেন। নইলে ১০-১১ দিন হয়ে গেল, অথচ কিষাণি ফেরিটি এখনো উদ্ধার করা যায়নি কেন? ভোলা-ইলিশা ফেরিঘাট থেকে একাধারে সি-ট্রাক, লঞ্চ, ইঞ্জিন নৌকা ও ফেরি চলাচল করে। ফলে, ফেরি বন্ধ হলে তাঁদের সুবিধাই বেশি। এটা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত।ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ব্যবস্থাপক নুরুল ইসলাম ভূঁইয়া ও বিকল হওয়া কস্তুরী ফেরির মাস্টার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অনেকে অনেক কথা বলবে, এটার কোনো ভিত্তি নেই। এই পথে একমাত্র কিষাণি ফেরিটি ছাড়া সব ফেরির বয়স ৩০-৫০ বছর। এ ছাড়া এ পথে প্রচুর জাল থাকে। জাল পেঁচিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে ফেরি বারবার বিকল হচ্ছে। অন্যদিকে কিষাণি ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।বিআইডব্লিউটিসির বরিশাল বিভাগের ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার প্রথম আলোকে বলেন, ‘মনে হয় না চালক, যাত্রীদের অভিযোগ সত্য। তার পরও লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।’ অন্যদিকে ওই নৌপথে ফেরির সমস্যা দু-এক দিনের মধ্যে মিটে যাবে।